আইফোনে অ্যালার্ম হিসেবে পছন্দের গান বা সুর সেট করার সহজ নিয়ম
সকালে ঘুম থেকে ওঠার জন্য একটি নিখুঁত অ্যালার্মের সুর নির্বাচন করা বেশ গুরুত্বপূর্ণ। সুরটি এমন হওয়া উচিত নয় যা শুনলে আবার ঘুম চলে আসে, আবার অতিরিক্ত কর্কশও হওয়া চলবে না যা সকালের মেজাজটাই বিগড়ে দেয়। আইফোনের ডিফল্ট বা আগে থেকে দেওয়া সুরগুলো অনেকের কাছেই একঘেয়ে বা বিরক্তিকর মনে হতে পারে। সুখের বিষয় হলো, আইফোনে খুব সহজেই নিজের পছন্দের যেকোনো গান বা সুর অ্যালার্ম হিসেবে সেট করা যায়।
নিচে আইফোনে পছন্দের অ্যালার্ম সুর সেট করার দুটি সহজ পদ্ধতি তুলে ধরা হলো:
অ্যাপল মিউজিকের গান অ্যালার্ম হিসেবে সেট করা
আপনার যদি ‘অ্যাপল মিউজিক’ সাবস্ক্রিপশন বা গ্রাহকসেবা চালু থাকে, তবে খুব সহজেই এই অ্যাপের যেকোনো গান অ্যালার্ম হিসেবে ব্যবহার করতে পারবেন।
গ্রন্থাগারে গান যুক্ত করুন:
প্রথমে আপনার ফোনে ‘মিউজিক’ অ্যাপটি খুলুন। যে গানটি অ্যালার্ম হিসেবে দিতে চান তা খুঁজে বের করুন এবং গানটির পাশে থাকা প্লাস (+) চিহ্নে চাপ দিয়ে সেটি আপনার লাইব্রেরি বা গ্রন্থাগারে যুক্ত করুন।
ঘড়ি অ্যাপে যান:
এবার আইফোনের ‘ক্লক’ বা ঘড়ি অ্যাপটি খুলুন এবং নিচের অংশ থেকে ‘অ্যালার্ম’ ট্যাবে চাপ দিন।
গান নির্বাচন করুন:
নতুন অ্যালার্ম তৈরি করতে ওপরে প্লাস (+) চিহ্নে চাপ দিন অথবা আগের কোনো অ্যালার্ম পরিবর্তন করতে তার ওপর চাপ দিন। এরপর ‘সাউন্ড’ বা শব্দ অপশনে গিয়ে ‘পিক আ গান’ (একটি গান বাছুন) লেখাটিতে চাপ দিন।
সংরক্ষণ করুন:
আপনার লাইব্রেরি থেকে কাঙ্ক্ষিত গানটি খুঁজে নিয়ে তার পাশের প্লাস চিহ্নে চাপ দিন। সবশেষে ব্যাকে এসে ওপরের ডান কোণ থেকে ‘সেভ’ বা সংরক্ষণ বোতামটি চাপুন।
যেকোনো অডিও ফাইল বা রেকর্ড করা কণ্ঠ অ্যালার্মে ব্যবহারের নিয়ম
আপনি যদি ইন্টারনেট থেকে নামানো কোনো সুর, বন্ধুদের পাঠানো কোনো ভয়েস মেসেজ বা নিজের রেকর্ড করা কোনো কণ্ঠ অ্যালার্ম হিসেবে দিতে চান, তবে নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন। এটি মূলত আইওএস ২৬ (iOS 26) সংস্করণের একটি নতুন ফিচার।
ফাইলস অ্যাপে অডিও রাখুন:
আপনার পছন্দের অডিও ফাইলটি (যেমন ইন্টারনেট থেকে নামানো সুর বা রেকর্ড করা অডিও) আইফোনের ‘ফাইলস’ অ্যাপে সংরক্ষণ করুন।
রিংটোন হিসেবে সেট করুন:
ফাইলস অ্যাপে গিয়ে ওই অডিও ফাইলটির ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখুন (লং প্রেস)। এরপর ‘শেয়ার’ অপশনে চাপ দিয়ে ‘ইউজ অ্যাজ রিংটোন’ (রিংটোন হিসেবে ব্যবহার করুন) লেখাটি নির্বাচন করুন। অডিওটি ৩০ সেকেন্ডের বড় হলে ফোন থেকেই তা কেটে ছোট করার অপশন আসবে।
অ্যালার্মে যুক্ত করুন:
এবার আগের মতোই ‘ক্লক’ বা ঘড়ি অ্যাপে যান। অ্যালার্মের ‘সাউন্ড’ অপশনে ঢুকলে দেখতে পাবেন আপনার সেই অডিও ফাইলটি রিংটোন তালিকায় চলে এসেছে। সেটি সিলেক্ট করে অ্যালার্মটি সংরক্ষণ করুন।
বিশেষ দ্রষ্টব্য: দ্বিতীয় পদ্ধতিতে অডিও ফাইলটি সাময়িকভাবে আপনার ফোনের মূল রিংটোন হিসেবে সেট হয়ে যাবে। অ্যালার্মে শব্দ নিশ্চিত করার পর আপনি চাইলে মূল রিংটোনটি সেটিংস থেকে আবার আগের অবস্থায় পরিবর্তন করে নিতে পারবেন, এতে অ্যালার্মের সুরে কোনো পরিবর্তন হবে না।
ডিবিটেক/বিএমটি





