৩০০ খ্যাতিমান গবেষককে সম্মাননা দিল ঢাবি

৩০০ খ্যাতিমান গবেষককে সম্মাননা দিল ঢাবি
২ মে, ২০২৫ ২৩:৪৯  
৩ মে, ২০২৫ ১৩:১২  

গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩০০ জন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে সম্মাননা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়টি।

শুক্রবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ডিউ রিসার্চ এক্সিলেন্স রিকগনিশন ২০২৫’ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুটি অধিবেশনে অনুষ্ঠিত হওয়া ওই অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ‘উচ্চশিক্ষায় বিনিয়োগের গুরুত্ব’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে প্রথম অধিবেশনে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-এর সভাপতি কামরান টি. রহমান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি মিস ফাইজা আহাদ এবং বিশ্বব্যাংকের শিক্ষা বিশেষজ্ঞ অধ্যাপক ড. আসাদুজ্জামান উচ্চশিক্ষার ভূমিকা, টেকসই প্রবৃদ্ধি ও উচ্চশিক্ষায় বিনিয়োগের বিষয়ে আলোকপাত করেন।