একাধিক ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটরের অ্যাকাউন্ট নিষ্ক্রিয়
অটোম্যাটিকের সিইও এবং ওয়ার্ডপ্রেসের সহ-প্রতিষ্ঠাতা ম্যাট মুলেনওয়েগ সম্প্রতি ওয়ার্ডপ্রেস.অর্গ কমিউনিটির কয়েকজন সদস্যের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিয়েছেন। তার দাবি, এদের মধ্যে দু’জন ওয়ার্ডপ্রেস প্রকল্প থেকে একটি নতুন ফর্ক (ভিন্ন সংস্করণ) তৈরির পরিকল্পনা করছিলেন। খবর টেকক্রাঞ্চ।
এই উত্তেজনার সূত্রপাত সেপ্টেম্বরে, যখন মুলেনওয়েগ ওয়ার্ডপ্রেস ভিত্তিক একটি বাণিজ্যিক হোস্টিং কোম্পানি ডব্লিউপি ইঞ্জিনের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কোম্পানিটি প্রকল্পে অবদান না রেখে মুনাফা করছে। পরবর্তীতে বিষয়টি আরও জটিল হয়, যখন ডব্লিউপি ইঞ্জিন ওয়ার্ডপ্রেসের গুরুত্বপূর্ণ রিসোর্সে প্রবেশাধিকার হারায় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
কমিউনিটির কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই বিষয়ে তাদের মতামত জানিয়েছেন। যেমন, জুস্ট ডি ভাল্ক, যিনি জনপ্রিয় এসইও টুল ইয়স্টের নির্মাতা এবং ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশনের প্রাক্তন মার্কেটিং ও কমিউনিকেশন লিড। তিনি সম্প্রতি “নতুন ওয়ার্ডপ্রেস যুগের জন্য ভিশন” প্রকাশ করেন, যেখানে তিনি “ফেডারেটেড এবং স্বাধীন রিপোজিটরি”-র ধারণা নিয়ে আলোচনা করেন।
অন্যদিকে, কারিম মারুচি, ক্রাউড ফেভারিটের সিইও, একই ধরনের মতামত ব্যক্ত করেছেন। ডব্লিউপি ইঞ্জিন ইঙ্গিত দিয়েছে, তারা এই প্রচেষ্টায় কর্পোরেট সহায়তা দিতে প্রস্তুত।
মুলেনওয়েগ নিজেও ফর্ক তৈরির ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন। তবে তিনি ব্যঙ্গাত্মকভাবে জানিয়েছেন, নতুন ফর্কের নাম হতে পারে “জেকেপ্রেস”।
জুস্ট এবং মারুচি, যারা সাপ্তাহিক ১০ ঘণ্টা ওয়ার্ডপ্রেস প্রকল্পে কাজ করেন, তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার পেছনে মুলেনওয়েগ বলেছেন, এটি তাদের পরিকল্পনাকে বাস্তবায়নে সহায়তা করবে।
এছাড়াও, সি রিড, হিদার বার্নস, এবং মর্টেন র্যান্ড-হেন্ড্রিকসেনের অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করা হয়েছে। রিড সম্প্রতি ডব্লিউপি কমিউনিটি কালেক্টিভ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান গঠন করেছেন, যা ওয়ার্ডপ্রেস এবং ওপেন সোর্স ইকোসিস্টেমের জন্য নিরপেক্ষ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
যদিও অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়া মানে ওয়ার্ডপ্রেস.অর্গের মাধ্যমে অবদান রাখা বন্ধ হওয়া, তবে গিটহাবে থাকা কোড এখনো উন্মুক্ত, যা যেকেউ ব্যবহার করতে পারবে।
মুলেনওয়েগ জানিয়েছেন, “ওপেন সোর্সের সৌন্দর্য এটাই যে, আপনি কোনো অনুমতি ছাড়াই কাজ করতে পারেন। তাদের নতুন প্রকল্প সফল হলে আমরা সেটি ওয়ার্ডপ্রেসে একীভূত করতেও পারি।”







