হোয়াটসঅ্যাপে আসছে ব্যক্তিগত এআই চ্যাটবট তৈরির সুবিধা
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি চমকপ্রদ ফিচার নিয়ে কাজ করছে। নতুন ফিচারটির মাধ্যমে ব্যক্তিগত এআই চ্যাটবট তৈরির সুবিধা পাবেন ব্যবহারকারীরা। খবর জিএসএম এরিনা।
সম্প্রতি জানা গেছে, হোয়াটসঅ্যাপ তার অ্যান্ড্রয়েড অ্যাপের নতুন ইন্টারফেস পরীক্ষা করছে, যেখানে কমিউনিটিজ ট্যাবের পরিবর্তে “এআই” ট্যাব যুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এআই-চালিত ফিচারগুলোকে এক জায়গায় রাখতেই এই পরিবর্তন আনা হচ্ছে।
ডব্লিউএবেটাইনফোর তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ২.২৫.১.২৬-এ এই ফিচারটি দেখা গেছে। স্ক্রিনশটের ভিত্তিতে জানা গেছে, নতুন এআই চ্যাটবটের নাম হবে “এআই ক্যারেক্টার”।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই চ্যাটবট তৈরি করতে পারবেন। চ্যাটবট তৈরির সময় ব্যবহারকারীদের কাছে এর কাজ এবং প্রধান উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হবে। ফিচারটি সহজ করার জন্য ব্যবহারকারীদের জন্য বিভিন্ন পরামর্শও থাকবে।
তবে এখনো এটি কেবল উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং বেটা ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হয়নি। এটি কবে থেকে বিশ্বব্যাপী সবার জন্য চালু হবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।







