দেশের সাংস্কৃতিক অঙ্গন এখন বিপন্ন অবস্থায় রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ী: দেশের গোটা সাংস্কৃতিক অঙ্গন বর্তমানে বিপর্যস্ত ও বিপন্ন অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনের অবকাঠামো, ব্যবস্থাপনা ও চর্চার পরিবেশ অত্যন্ত নাজুক। দীর্ঘদিনের অবহেলা ও নানা সংকটের কারণে সাংস্কৃতিক অঙ্গন আজকের এ অবস্থায় পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী জেলা […] The post দেশের সাংস্কৃতিক অঙ্গন এখন বিপন্ন অবস্থায় রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দেশের সাংস্কৃতিক অঙ্গন এখন বিপন্ন অবস্থায় রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
২৮ নভেম্বর, ২০২৬ ০১:০০  

রাজবাড়ী: দেশের গোটা সাংস্কৃতিক অঙ্গন বর্তমানে বিপর্যস্ত ও বিপন্ন অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনের অবকাঠামো, ব্যবস্থাপনা ও চর্চার পরিবেশ অত্যন্ত নাজুক। দীর্ঘদিনের অবহেলা ও নানা সংকটের কারণে সাংস্কৃতিক অঙ্গন আজকের এ অবস্থায় পৌঁছেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তীর মহাপ্রয়াণে আয়োজিত স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজবাড়ীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জেলা ঘুরে সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সমস্যার কথা শুনেছেন। সরকারি-বেসরকারি পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ, ব্যবস্থাপনা ও চর্চার পরিবেশের অবস্থা অত্যন্ত খারাপ। দেশের সাংস্কৃতিক ব্যবস্থাপনা ছিন্নভিন্ন হয়ে রয়েছে।

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, এখানকার মিলনায়তনে ২০০ জনেরও স্থান সংকুলান হয় না। সারা দেশেই কমবেশি একই অবস্থা। কোথাও মিলনায়তনের ধারণক্ষমতা বেশি হলেও পর্যাপ্ত লাইট ও সাউন্ডের ব্যবস্থা নেই, আবার কোথাও ছাদ দিয়ে পানি পড়ে। এসব সমস্যায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, সংগীত, নৃত্য, কবিতা, আবৃত্তি, নাটক ও চিত্রকলাসহ সাংস্কৃতিক চর্চার বিভিন্ন শাখা সংকটের মধ্যে রয়েছে। তবে সংস্কৃতির পরিসর এসব কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; এর ব্যাপ্তি আরও বিস্তৃত। দীর্ঘদিনের অবহেলা ও নানা কারণে এ সংকট তৈরি হয়েছে।

সংস্কৃতিকে রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। কোনো রাজনৈতিক দলের প্রয়োজনে সংস্কৃতিকে ব্যবহার করার চিন্তা থেকেই সাংস্কৃতিক অঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কৃতির নিজস্ব স্বকীয়তা রয়েছে। কোনো রাজনৈতিক দল না থাকলেও সংস্কৃতি থাকবে। সেই স্বকীয়তা বজায় রেখেই সংস্কৃতিকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে।

৫ আগস্ট-পরবর্তী সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাউলদের ধরে চুল কেটে দেওয়া হয়েছে, হারমোনিয়াম-তবলা ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রত্যেক জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিবেশ নিশ্চিত করতে বলেছেন। কোনোভাবেই অনুষ্ঠান বন্ধ করা যাবে না। নৌকাবাইচ নিয়েও আপত্তি তোলা হয়েছিল। তবে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি রাজবাড়ীতেও নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে আগের তুলনায় কয়েক গুণ বেশি খেলাধুলার আয়োজন হচ্ছে। প্রধানমন্ত্রী সংস্কৃতিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছেন।

দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের ঘোষণা দিয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আগামী ১২ ডিসেম্বর থেকে ২৫ মে পর্যন্ত বৃহৎ পরিসরে জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী এ উৎসবের উদ্বোধন করবেন। মাঝখানে রমজান মাস থাকায় সে সময় বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। উৎসবে যাত্রা, সার্কাস, অ্যাক্রোবেটিক, পুতুলনাচ, নাটক, বিয়ের গীত, ঘুড়ি ওড়ানো, পিঠা উৎসব, বই পড়া ও গ্রামীণ উৎসবসহ হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তীর স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, শৈশব থেকেই তার সঙ্গে দেবাহুতি চক্রবর্তীর সম্পর্ক ছিল। ছোটবেলায় তার স্নেহ ও পরশে বড় হয়েছেন তিনি। দেবাহুতি ছিলেন শহরের একজন অসাধারণ মানুষ। তাঁর চলে যাওয়ায় রাজবাড়ী অনেক কিছু হারিয়েছে।

তিনি আরও বলেন, অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী নারী অধিকার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার আন্দোলনে নিবেদিতপ্রাণ সংগ্রামী মানুষ ছিলেন। সমাজে নারীর মর্যাদা, সমঅধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে রাজবাড়ী একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মীকে হারিয়েছে। তার আদর্শ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে।

মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও স্মৃতিচারণ করেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ (হৃষিত), বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ), মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের আহ্বায়ক আজিজা খানম, রাজবাড়ী জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি এম বাচ্চু রহমান, নাট্যশিল্পী ওয়ালিউল হাসান মঞ্জু, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি শাহিনা সুলতানা এবং রাজবাড়ী জেলা জাসাসের সদস্যসচিব কাজী মিজানুর রহমান পলাশসহ অনেকে।

এর আগে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে স্মৃতিচারণের পাশাপাশি কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।

The post দেশের সাংস্কৃতিক অঙ্গন এখন বিপন্ন অবস্থায় রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.