বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ ও যাতায়াতে নতুন নির্দেশনা

ঢাকা: মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকার পরিচ্ছন্নতা, সার্বিক শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ জরুরি নির্দেশনা জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণের পবিত্রতা ও সৌন্দর্য অক্ষুণ্ন রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) তথ্য অধিদফতর থেকে প্রকাশিত পৃথক তিনটি সরকারি তথ্যবিবরণীতে জনসাধারণের […] The post বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ ও যাতায়াতে নতুন নির্দেশনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ ও যাতায়াতে নতুন নির্দেশনা
২৫ নভেম্বর, ২০২৬ ১১:০০  

ঢাকা: মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকার পরিচ্ছন্নতা, সার্বিক শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ জরুরি নির্দেশনা জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণের পবিত্রতা ও সৌন্দর্য অক্ষুণ্ন রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তথ্য অধিদফতর থেকে প্রকাশিত পৃথক তিনটি সরকারি তথ্যবিবরণীতে জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ, সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং স্মৃতিসৌধের ফুলের বাগান সুরক্ষার বিষয়ে এসব সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

তথ্যবিবরণী অনুযায়ী, মহান বিজয় দিবসের মূল আনুষ্ঠানিকতার আগে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ পরিচালিত হবে। এ কারণে আগামী ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত টানা ছয় দিন জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ পুরোপুরি বন্ধ রাখা হবে। এ সময়ে সংস্কার ও ধোয়ামোছার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সাধারণ মানুষকে স্মৃতিসৌধ এলাকায় ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ভোরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ না করা পর্যন্ত অর্থাৎ সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেখানে সর্বসাধারণের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। সকাল সাড়ে ৮টার পর স্মৃতিসৌধের ফটক সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মন্ত্রণালয়ের অপর এক নির্দেশনায় যাতায়াত পথের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ঢাকার গাবতলী থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কের দুই পাশে কোনো ধরনের তোরণ নির্মাণ এবং ব্যানার, ফেস্টুন কিংবা পোস্টার লাগানো থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। সড়কের সৌন্দর্যহানি রোধ এবং যান চলাচল স্বাভাবিক রাখতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দেশনা অমান্য করে সড়কের পাশে কোনো প্রচারসামগ্রী লাগানো হলে তা অপসারণ করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, বিজয় দিবসের দিন লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণের প্রাকৃতিক সৌন্দর্য ও ফুলের বাগান রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ। পুষ্পস্তবক অর্পণকালে এবং যাতায়াতের সময় স্মৃতিসৌধের ফুলের বাগানের যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শনার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের নির্ধারিত পথ ব্যবহার করে শৃঙ্খলার সঙ্গে শ্রদ্ধা নিবেদন করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

The post বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ ও যাতায়াতে নতুন নির্দেশনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.