প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী
ঢাকা: নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন এবং কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। বিকেল ৫টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ১১টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী […] The post প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন এবং কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। বিকেল ৫টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকাল ১১টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।
স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী ‘বারো আউলিয়া’ এলাকায় তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।
সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে অংশ নেয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’। মহড়ায় তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত কার্যক্রম প্রদর্শিত হয়।
মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-কে পাশে বসিয়ে নিজেই এটিভি চালিয়ে ‘বারো আউলিয়া’ থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত প্রায় আট কিলোমিটার পথ অতিক্রম করেন। এ সময় ধানখেতের পাশ দিয়ে আঁকাবাঁকা ও কাদামাটির পিচ্ছিল পথে চলার সময় দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
ভিউ পয়েন্ট-১-এ পৌঁছে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্যও দেন তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত এই যৌথ মহড়ার মধ্য দিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে তিনি গর্বিত।
তিনি বলেন, ‘এ মহড়া বিশ্ব-দরবারে বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। এই আয়োজন সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারেরও প্রতিফলন।’
স্বর্ণদ্বীপে অবস্থানকালে ভিউ পয়েন্ট-১ এলাকায় একটি নিমগাছের চারাও রোপণ করেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এবং উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। তবে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে এবারই প্রথম এ ধরনের যৌথ মহড়া অনুষ্ঠিত হলো।
The post প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





