আসছে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, রেমিট্যান্স বেড়েছে ১২.৫ শতাংশ
ঢাকা: সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৬টি প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি এবং সংশোধিত প্রকল্প দু’টি। প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ […] The post আসছে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, রেমিট্যান্স বেড়েছে ১২.৫ শতাংশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৬টি প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি এবং সংশোধিত প্রকল্প দু’টি। প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও সাপ্তাহিক অগ্রগতির তথ্য তুলে ধরতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এদিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, নতুন আন্তঃনগর ট্রেন চালু, খাদ্য সহায়তা এবং স্বাস্থ্য খাতের জনবল নিয়োগসহ সরকারের বিভিন্ন উদ্যোগের তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১৩ দশমিক ৮২২ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২ দশমিক ২৮৪ বিলিয়ন ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৫ শতাংশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকেও পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো কেন্দ্রটি থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়। দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচিতে একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে কিনতে পারবেন। বর্তমানে ঢাকা, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ ও ময়মনসিংহে ৭৩টি ট্রাকের মাধ্যমে প্রতি শুক্রবার ৩৬৫ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে। বরাদ্দ করা চালের শতভাগ বিক্রি হয়েছে।
স্বাস্থ্য খাতের জনবল সংকট নিরসনে প্রায় চার হাজার সহকারী সার্জন এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে ৪৬তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও জানান ডা. জাহেদ।
এ ছাড়া, ডেঙ্গু রোগীদের সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রাথমিক স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। রেল যোগাযোগের ক্ষেত্রে পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের ট্রেন দুটি ২০ নভেম্বর থেকে নিয়মিত চলাচল শুরু করেছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
এদিকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে কার্যকর অগ্রগতি অর্জনে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদার করবে বাংলাদেশ। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের ফলে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের দাবি আদায়ে বাংলাদেশের আইনি ভিত্তি আরও শক্তিশালী হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এ ছাড়া, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, উপকূলীয় সুরক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে খাদ্য, স্বাস্থ্য, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, বস্ত্র ও পাট, মহিলা ও শিশুবিষয়ক, সংস্কৃতি, ধর্ম, যুব ও ক্রীড়া, পরিবেশ, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম ও অগ্রগতির তথ্য তুলে ধরা হয়।
পুলিশের দেওয়া তথ্য উল্লেখ করে ডা. জাহেদ বলেন, ন‘ভেম্বরের প্রথম ২৩ দিনে দেশে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ২১৩টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ সময়ে ৬২টি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১০০ জনকে।
পুলিশ সদর দফতরের তথ্যানুযায়ী, একই সময়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। এসব ঘটনায় ২২টি মামলা হয়েছে এবং ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, পুলিশের স্থাপনা ও গাড়িতে হামলা-অগ্নিসংযোগ, গ্রামীণ ব্যাংকে নাশকতা এবং জুলাই স্মৃতিস্তম্ভে হামলার ঘটনাও ঘটেছে। জুলাই স্মৃতিস্তম্ভে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
The post আসছে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, রেমিট্যান্স বেড়েছে ১২.৫ শতাংশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





