মত-পথ-আদর্শের ঊর্ধ্বে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

ঢাকা: ফ্যাসিবাদবিরোধী অবস্থানে দেশের গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, মত, পথ, দর্শন ও আদর্শের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে এই ঐক্য বজায় রাখতে হবে। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে […] The post মত-পথ-আদর্শের ঊর্ধ্বে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মত-পথ-আদর্শের ঊর্ধ্বে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন
২৩ নভেম্বর, ২০২৬ ২১:০০  

ঢাকা: ফ্যাসিবাদবিরোধী অবস্থানে দেশের গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, মত, পথ, দর্শন ও আদর্শের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে এই ঐক্য বজায় রাখতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘আজকের খোলামেলা আলোচনায় জাতীয় স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। আমরা বিশ্বাস করি, পলাতক স্বৈরাচারের অপশক্তি দেশের ভেতরে কিংবা দেশের বাইরে থেকে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারবে না। পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথচলা আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করতে চাই।’

বৈঠকে গণতান্ত্রিক সরকারের অভিযাত্রা এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও পারস্পরিক সম্মানবোধ থাকবে বলে জানান মাহদী আমিন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম, বর্ণ ও মত-পথের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। মানুষের প্রত্যাশা ছিল এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাক্‌স্বাধীনতা নিশ্চিত হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে। আজকের মতবিনিময়েও সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

মাহদী আমিন আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের আন্দোলন। আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা এবং প্রতিষ্ঠার আন্দোলন। বাংলাদেশকে এগিয়ে নিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতিফলন ঘটাতে হবে। দেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকা প্রয়োজন।

জাতীয় ঐক্য নতুন করে গঠনের প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময়ই দেশে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। তখন কেউ কারও রাজনৈতিক আদর্শ নিয়ে চিন্তা করেনি। দেশ-বিদেশের সব শ্রেণি-পেশার মানুষ একটি স্বাধীন, সার্বভৌম ও তাবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এক হয়েছিল। সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায় সরকার।

সংস্কার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও সরকারের অবস্থান তুলে ধরেছেন। বিএনপি নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে যে অঙ্গীকার করেছে, তা শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতির সুযোগ নেই।

তিনি বলেন, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তা বাস্তবায়ন করবে।

এর আগে দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল। প্রায় ৩৫ মিনিটের বৈঠকটি শেষ হয় দুপুর ১টা ৫৫ মিনিটে।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

বৈঠক শেষে এনসিপি নেতাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী। পরে এনসিপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে পৃথক ব্রিফিংয়ে বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের সঙ্গে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। বৈঠকে সার্বিক পরিস্থিতির বিভিন্ন বিষয় উঠে এসেছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই নিজেদের বক্তব্য তুলে ধরেছে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

The post মত-পথ-আদর্শের ঊর্ধ্বে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.