দক্ষিণ এশিয়ায় ক্ষুদ্র পশুপালন খাতের উন্নয়ন

ভুটানে শুরু হলো সার্ক আঞ্চলিক কর্মশালা

  • ভুটানের থিম্পুতে দুই দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা শুরু
  • দক্ষিণ এশিয়ার খাদ্যনিরাপত্তা ও মূল্যশৃঙ্খল জোরদারকরণে উদ্যোগ
  • ২০২৬ সালের আন্তর্জাতিক পশুপালক বর্ষকে কেন্দ্র করে আয়োজন

ভুটানে শুরু হলো সার্ক আঞ্চলিক কর্মশালা
১৮ নভেম্বর, ২০২৬ ১৫:০২  

দক্ষিণ এশিয়ায় খাদ্যনিরাপত্তা জোরদার এবং ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খল উন্নয়নের লক্ষ্যে ভুটানের থিম্পুতে বুধবার থেকে দুই দিনব্যাপী একটি আঞ্চলিক কর্মশালা শুরু হয়েছে। ‘২০২৫ সালের যৌথ ঘোষণার অগ্রাধিকার, ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খল এবং ২০২৬ সালের আন্তর্জাতিক রেঞ্জল্যান্ড ও পশুপালক বর্ষের মধ্যে সেতুবন্ধন’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মশালায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নীতিনির্ধারক, প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং কৃষক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

সার্ক কৃষি কেন্দ্র, ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, এশীয় কৃষক সমিতি এবং হেইফার ইন্টারন্যাশনালের বাংলাদেশ ও নেপাল শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব এবং কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন জ্যেষ্ঠ কর্মসূচি বিশেষজ্ঞ ড. মো. ইউনূস আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী ইয়ুনতেন ফুন্টশো এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. এস. মালেকা পারভীন ও সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের জাতীয় দুগ্ধ গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. শচীন কুমার।

এছাড়া এশীয় কৃষক সমিতি ও হেইফার ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা কৃষকদের দৃষ্টিভঙ্গি ও টেকসই খাদ্যব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

দুই দিনব্যাপী এ কর্মশালায় বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা নিজ নিজ দেশের ক্ষুদ্র পশুপালন ব্যবস্থার অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি প্রাণিসম্পদের উৎপাদনশীলতা, উন্নত জাত উদ্ভাবন, পশুখাদ্য ও পশুস্বাস্থ্য ব্যবস্থাপনা, চারণভূমি ব্যবস্থাপনা, বাজারসংযোগ, অর্থায়ন এবং নারী ও যুবসমাজের অংশগ্রহণ নিয়ে কারিগরি আলোচনা অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ায় ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খল শক্তিশালী করা এবং কৃষক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের একটি কাঠামো তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

 //ডিবিটেক/এসএমই/এমআইএস/বিপিও//