আইওএসে চালু হলো গুগল ওয়ালেট
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের হার্ডওয়্যারের জন্য নিজস্ব সফটওয়্যার বা অ্যাপ প্রকাশের ক্ষেত্রে গুগল ও অ্যাপলের দীর্ঘদিনের অনীহা প্রযুক্তিবাজারে বেশ পরিচিত। তবে সেই প্রথা ভেঙে এবার অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমে নিজেদের ডিজিটাল ওয়ালেট সেবা ‘গুগল ওয়ালেট’ চালু করেছে গুগল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে।
আইফোনে অ্যাপলের নিজস্ব ‘অ্যাপল ওয়ালেট’ থাকা সত্ত্বেও গুগলের এই পদক্ষেপ প্রযুক্তি বিশ্লেষকদের কাছে কিছুটা ব্যতিক্রমী মনে হয়েছে। কারণ, উভয় অ্যাপের মূল কার্যকারিতা প্রায় একই ধরনের- ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাপনা, ভ্রমণের টিকিট ও বোর্ডিং পাস সংরক্ষণ এবং ডিজিটাল পরিচয়পত্র বা বিভিন্ন তথ্য নিরাপদে জমা রাখা।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও সীমাবদ্ধতা
গুগলের এই ঘোষণায় সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, গুগল ওয়ালেটকে প্রতিষ্ঠানটির বিভিন্ন টুলের মাধ্যমে সম্পন্ন হওয়া স্বয়ংক্রিয় বা ‘এজেন্টিক’ এআই কেনাকাটার একটি কেন্দ্রীয় মাধ্যম হিসেবে উপস্থাপন করা হয়েছে।
মূলত এআই এজেন্টদের মাধ্যমে কেনাকাটা ও লেনদেন পরিচালনার ক্ষেত্রেই অ্যাপটি আইফোন ব্যবহারকারীদের ভিন্ন অভিজ্ঞতা দিতে পারে। কারণ, প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অ্যাপল এখন পর্যন্ত এজেন্টিক এআই প্রযুক্তির ব্যবহারে বেশ রক্ষণশীল নীতি অনুসরণ করছে।
তবে আইওএস সংস্করণের গুগল ওয়ালেটে ‘ট্যাপ-টু-পে’ বা স্পর্শবিহীন লেনদেনের সুবিধা থাকছে না। ভবিষ্যতে আইফোনে এই ফিচারটি যুক্ত করা হবে কি না, সে বিষয়েও গুগলের অফিশিয়াল ব্লগ পোস্টে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





