এআই ও ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করলো আইএসইউ

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। ২৪ জুন এ প্রোগ্রামের অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

এআই ও ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করলো আইএসইউ
৮ জুলাই, ২০২৬ ০১:০৮  

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে পরিচালিত এ শিক্ষা কার্যক্রমের জন্য গত ২৪ জুন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ প্রোগ্রামের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দক্ষ প্রকৌশলী তৈরি করা হবে, যারা দেশের প্রযুক্তি শিল্পের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদা পূরণে সক্ষম হবে। একই সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন সুযোগ সৃষ্টি হবে।

১৫২ ক্রেডিটের এই প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস, সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। এছাড়া গবেষণা, আধুনিক ল্যাবভিত্তিক শিক্ষা এবং শিল্প-সংশ্লিষ্ট প্রকল্পে কাজ করার সুযোগও থাকবে।

মেধাবী শিক্ষার্থীদের জন্য টিউশন ফি সম্পূর্ণ বা আংশিক মওকুফের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বর্তমানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে পাঁচটি অনুষদের অধীনে আটটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

//ডিবিটেক/বিএন/ইকে//