৫৬টি উদ্ভাবনী মডেল প্রদর্শিত হবে
১৯ নভেম্বর চট্টগ্রামে জিআরএফের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতা
- সিভাসু মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে।
- চট্টগ্রাম বিভাগের ৯টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণরা ১০টি ক্ষেত্রে ৫৬টি উদ্ভাবনী মডেল উপস্থাপন করবেন।
- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত থাকবেন।
তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতাকে উৎসাহিত করে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর, ২০২৬) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাঠে এই জমজমাট আয়োজন সম্পন্ন হবে।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি খুঁজে বের করা, সেগুলোর বিকাশে সহযোগিতা করা এবং জনকল্যাণ ও জাতীয় উন্নয়নে সেগুলোকে কাজে লাগানোর পথ তৈরি করাই এ প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য।
দেশব্যাপী ধারাবাহিক বিভাগীয় আয়োজনের অংশ হিসেবে বগুড়া, বরিশাল ও সিলেটের পর এবার চট্টগ্রামে চতুর্থ বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এবারের এই আয়োজনে চট্টগ্রাম বিভাগের ৯টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় এবং ফেনী সরকারি কলেজ।
প্রযুক্তি, পরিবেশ, কৃষি, স্বাস্থ্য ও বিজ্ঞানের নানা শাখায় তরুণদের চিন্তা ও সৃজনশীলতার বহুমাত্রিক প্রকাশে ১০টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে মোট ৫৬টি উদ্ভাবনী মডেল এই প্রদর্শনীতে উপস্থাপিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এই আয়োজনের চট্টগ্রাম বিভাগীয় পর্বের সমন্বয়ের দায়িত্ব পালন করছেন বিভাগীয় সমন্বয় কমিটি চট্টগ্রামের আহ্বায়ক প্রকৌশলী উমাশা হুমায়ুন মনি চৌধুরী, ওয়ান হেলথ বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের কো-অর্ডিনেটর ও বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতার মনিটর প্রফেসর মোহাম্মদ আহসানুল হক রোকন এবং বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলম।
পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্যায় থেকে দিকনির্দেশনা প্রদান করছেন সংগঠনের সহ-সভাপতি ডা. জোবাইদা রহমান এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রত্যাশা, এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা ও উদ্ভাবনী সম্ভাবনাকে সামনে নিয়ে আসার পাশাপাশি চট্টগ্রাম বিভাগে বিজ্ঞানচর্চা, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করবে।
//ডিবিটেক//বিজিএনএল/এসএমই/এমআইএসটি//





