কপ৩১ বৈঠকে তিনটি প্রস্তাব উপস্থাপন

ম্যানগ্রোভ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার চাইল বাংলাদেশ

  • ম্যানগ্রোভ পুনরুদ্ধার ও ব্লু কার্বন পর্যবেক্ষণে অভিন্ন পদ্ধতি তৈরির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
  • আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য তুলে ধরা হয়
  • জলবায়ু অর্থায়নে সিআইএফ আরাইজ কর্মসূচিতে ৩০ মিলিয়ন ডলার তহবিলের পরিকল্পনা চলছে

ম্যানগ্রোভ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার চাইল বাংলাদেশ
১৭ নভেম্বর, ২০২৬ ২০:০০  

    ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, ব্লু কার্বন পর্যবেক্ষণ এবং জলবায়ু অর্থায়নের উপযোগী যৌথ প্রকল্প প্রস্তুতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেটের সদস্যদেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়, বন পুনরুদ্ধার ও কার্বন পর্যবেক্ষণে অভিন্ন পদ্ধতি তৈরি এবং যৌথ প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছে দেশটি।

    ১৭ নভেম্বর, মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের আহ্বানে ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেটের চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন এবং বাংলাদেশের পক্ষ থেকে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

    বৈঠকে ড. সাইমুম পারভেজ জানান, সদস্যদেশগুলোর অভিজ্ঞতাকে এমন যৌথ প্রকল্পে রূপ দিতে হবে, যা উপকূল রক্ষা করবে এবং ম্যানগ্রোভনির্ভর মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটাবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বন সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, সুন্দরবন জলোচ্ছ্বাসের প্রভাব কমায়, মাছের প্রজনন ও বেড়ে ওঠার আবাসস্থল হিসেবে কাজ করে এবং গাছ ও মাটিতে কার্বন সঞ্চয় করে। উপকূলীয় পরিবারের ঘরবাড়ির নিরাপত্তা ও আয়ের নিশ্চয়তার সঙ্গে সুন্দরবনের সুস্থতা নিবিড়ভাবে সম্পর্কিত।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। এ সময় উপকূলের বিদ্যমান ম্যানগ্রোভ বন সংরক্ষণ, প্রাকৃতিক পুনর্জন্মে সহায়তা এবং উপযুক্ত স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তিনি জানান, খাল পুনর্বাসন ও উপকূলীয় সুরক্ষার উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে পানি নিষ্কাশন, বসতি সুরক্ষা ও উপকূলীয় মানুষের জীবিকা আরও শক্তিশালী হবে।

    জলবায়ু অর্থায়নের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি গঠন এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালী করার উদ্যোগ তুলে ধরেন। এ ছাড়া ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) আরাইজ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন চাওয়ার লক্ষ্যে বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুতের জন্য বাংলাদেশের নির্বাচিত হওয়ার বিষয়টি জানান। এ পরিকল্পনায় উপকূল সুরক্ষা, ম্যানগ্রোভ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীল জীবিকাকে অগ্রাধিকার দেওয়া হবে।

    ম্যানগ্রোভ অ্যালায়েন্সের সহযোগিতার জন্য তিনটি ক্ষেত্র প্রস্তাব করেন বাংলাদেশের বিশেষ সহকারী। প্রথমত, ম্যানগ্রোভ পুনরুদ্ধারে নিয়োজিত দল ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়। দ্বিতীয়ত, বন পুনরুদ্ধার, উপকূল সুরক্ষা ও ব্লু কার্বন পর্যবেক্ষণে সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি তৈরি। তৃতীয়ত, দুই বা ততোধিক সদস্যদেশের অংশগ্রহণে অর্থায়নের উপযোগী যৌথ প্রকল্প প্রস্তুত করা।

    বাংলাদেশের প্রণয়নাধীন জাতীয় কার্বন বাজার কাঠামো ও পরিকল্পিত জাতীয় রেজিস্ট্রির বিষয়টিও বৈঠকে তুলে ধরে সাইমুম পারভেজ জানান, ম্যানগ্রোভ পুনরুদ্ধারের মাধ্যমে অতিরিক্ত, দীর্ঘস্থায়ী ও স্বাধীনভাবে যাচাইযোগ্য কার্বন সুফল নিশ্চিত করা গেলে কার্বন ক্রেডিট দীর্ঘমেয়াদি বন পরিচর্যায় অর্থায়নের সুযোগ তৈরি করতে পারে। তবে এ ক্ষেত্রে দ্বৈত গণনা প্রতিরোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে সুফলের ন্যায্য বণ্টন নিশ্চিত করতে হবে। আগ্রহী সদস্যদেশগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের যৌথ প্রকল্প প্রস্তুত ও বাস্তবায়নে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার যৌথ নেতৃত্বে পরিচালিত ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেট ম্যানগ্রোভ সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত ইন্দোনেশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, এ অ্যালায়েন্সের সদস্যদেশের সংখ্যা ৪৭টি। আনতালিয়ার এই বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী ড. আমনা বিনতে আবদুল্লাহ আল দাহাক আল শামসি, ইন্দোনেশিয়ার উপপরিবেশমন্ত্রী দিয়াজ ফয়সাল মালিক হেন্দ্রোপ্রিয়োনো, মালদ্বীপের পরিবেশমন্ত্রী থোরিক ইব্রাহিম এবং বেলজিয়ামের জলবায়ু ও পরিবেশবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত উইলেম ভ্যান ডি ভোর্দেসহ বিভিন্ন দেশের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।

    //ডিবিটেক/ডিপিই/এসএমপি/এমএসআই//