সোনালি আঁশের সম্ভাবনা
কপ৩১-এ পরিবেশবান্ধব জলবায়ু সমাধানে সোনালি আঁশ
- কপ৩১ সম্মেলনের গ্রিন জোনে পাটকে জলবায়ু সমাধান হিসেবে উপস্থাপন
- পাট চাষে কার্বন শোষণ ও পরিবেশবান্ধব পণ্যের বহুমুখী ব্যবহারের তথ্য
- ২০৩১ সালের মধ্যে পাট রপ্তানি আয় ডাবল করে ১৬৪ কোটি ডলার করার লক্ষ্য
কপ৩১ সম্মেলনে গ্রিন জোনে বাংলাদেশ জুট প্যাভিলিয়নে আয়োজিত জলবায়ু আলোচনায় সোনালী আঁশ পাটকে বিশ্বের কাছে তুলে ধরেছে বাংলাদেশ।
১০ নভেম্বর, মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প অংশীদারদের সহযোগিতায় এটি সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত এই আঁশ এখন বৈশ্বিক জলবায়ু উদ্যোগে দেশের অন্যতম নির্ভরযোগ্য অবদান।
অধিবেশনে উপস্থাপকেরা জানান, পাট চাষের সময় কার্বন শোষণ করে এবং এটি সম্পূর্ণ পচনশীল। প্রতি হেক্টর জমির পাট একটি মৌসুমে সর্বোচ্চ ১৫ টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে। হেসিয়ান ও বস্তার গণ্ডি পেরিয়ে পাট এখন ব্যবহৃত হচ্ছে পচনশীল শপিং ব্যাগ, ভূমিক্ষয় রোধের জিওটেক্সটাইল, অটোমোটিভ কম্পোজিট এবং ন্যানোসেলুলোজের মতো উন্নত উপকণে।
কাঁচা পাট প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি মিশ্র আঁশজাত পণ্য আন্তর্জাতিক বাজারে কয়েক গুণ বেশি দামে বিক্রির বড় অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করেছে। ২০২৬–২০৩১ সালের কৌশলের আওতায় বাংলাদেশ পাট রপ্তানি আয় দ্বিগুণ করে ১৬৪ কোটি মার্কিন ডলারে উন্নীত করতে চায় এবং মূল্য সংযোজিত পণ্যের অংশ ৭০ শতাংশে নিয়ে যেতে চায়।
ভবিষ্যতে ন্যানোসেলুলোজ গবেষণা, আন্তর্জাতিক পরীক্ষাগার, ডিজিটাল ট্রেসেবিলিটি এবং ইইউ পরিবেশ বিধিমালা মেনে চলার পরিকল্পনা রয়েছে। ক্রেতা, বিনিয়োগকারী ও প্রযুক্তি অংশীদারদের জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে।
//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//





