জ্বালানি খাতে জাতীয় গবেষণা প্ল্যাটফর্ম

বুয়েটে যাত্রা শুরু করল বিদ্যুৎ গবেষণা ল্যাব বিইপিআরএল

  • বুয়েটে প্রতিষ্ঠিত হলো বিদ্যুৎ গবেষণা গবেষণাগার বিইপিআরএল
  • জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তির মেধাস্বত্বে জোর
  • বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনে দেশীয় উদ্ভাবনের উদ্যোগ

বুয়েটে যাত্রা শুরু করল বিদ্যুৎ গবেষণা ল্যাব বিইপিআরএল
৫ অক্টোবর, ২০২৬ ১৯:৫২  

টেকসই বিদ্যুৎ ব্যবস্থাপনা, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ স্মার্ট গ্রিড প্রযুক্তির কার্যকর সমাধানে জাতীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যাত্রা শুরু করেছে আধুনিক গবেষণাগার ‘বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ ল্যাবরেটরি’ (বিইপিআরএল)। বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) অর্থায়নে প্রতিষ্ঠিত এই ল্যাবরেটরি দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ ও প্রয়োগমুখী গবেষণার জন্য একটি উন্মুক্ত জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৪ অক্টোবর, ২০২৬ রবিবার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইপিআরসির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন (এনডিসি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ও সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুল হাসিব চৌধুরী। এ ছাড়া ইইই অনুষদের ডিন ড. মোহাম্মদ কামরুল হাসান, শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার জানান, ২০২১ সাল থেকেই বিইপিআরএল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং নানা প্রাতিষ্ঠানিক পরিবর্তনের মধ্য দিয়ে এটি বাস্তবায়িত হয়েছে। আন্তর্জাতিক মানের গবেষণার পাশাপাশি দেশি-বিদেশি গবেষকদের যৌথ সহযোগিতার সুযোগ সৃষ্টি করাই এর মূল উদ্দেশ্য। ইইই অনুষদের ডিন ড. মোহাম্মদ কামরুল হাসান বিদ্যুৎ উৎপাদন, সঞ্চয়, আধুনিক গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের বিভিন্ন ধাপে দেশীয় গবেষণা ও ডেটা ভাগাভাগির ওপর জোর দেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী উল্লেখ করেন, বিইপিআরএলের কর্মকাণ্ড কেবল তাত্ত্বিক বা একাডেমিক গবেষণায় সীমাবদ্ধ রাখলে চলবে না। বৈশ্বিক জ্বালানি সংকটের বাস্তবতায় শিল্প, কৃষি ও পরিবহন খাতে জ্বালানি ব্যবহারের সামগ্রিক দক্ষতা বৃদ্ধির প্রায়োগিক কৌশল উদ্ভাবন করতে হবে।

সভাপতির বক্তব্যে বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম বিইপিআরএল প্রতিষ্ঠাকে বিশ্ববিদ্যালয়ের এক ঐতিহাসিক অর্জন হিসেবে অভিহিত করেন। তিনি জানান, দেশের দক্ষ কারিগরি জনশক্তিকে কাজে লাগিয়ে জাতীয় জ্বালানি সংকটের টেকসই সমাধান উদ্ভাবনে বুয়েট প্রশাসন সব ধরনের কারিগরি সহায়তা দেবে।

প্রধান অতিথির বক্তব্যে বিইপিআরসির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন (এনডিসি) জানান, গবেষণার সাফল্য কেবল আন্তর্জাতিক জার্নালে নিবন্ধ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; বরং গবেষণালব্ধ জ্ঞান দেশের সমস্যা সমাধানে কতটা অবদান রাখছে, তা-ই হওয়া উচিত আসল মূল্যায়ন। তিনি উল্লেখ করেন, সরকার, শিল্প খাত ও অ্যাকাডেমিয়ার মধ্যে প্রযুক্তিগত অংশীদারত্ব জোরদার করে ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও এই ওপেন প্ল্যাটফর্মের নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া হবে।

সমাপনী বক্তব্যে বুয়েটের ইইই বিভাগের প্রধান এবং বিইপিআরএলের পরিচালক ড. শরীফ মোহাম্মদ মমিনুজ্জামান দেশে গবেষণা ও আন্তর্জাতিক পেটেন্ট অর্জনের মধ্যকার ব্যবধান দূর করার আহ্বান জানান। তিনি গবেষণালব্ধ প্রযুক্তিকে বাণিজ্যিক মেধাস্বত্বে রূপান্তরের মাধ্যমে জাতীয় প্রযুক্তিগত সক্ষমতা সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

//ডিবিটেক/ডিএডি/এমএমএস/এমআইএসটি//