ঢাকার চারপাশের নদী রক্ষায় সমন্বিত পরিবেশগত গবেষণা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় প্রয়োজন
পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক নদী ব্যবস্থাপনার তাগিদ পানিসম্পদ মন্ত্রীর
- ঢাকার পরিবেশ, পরিবেশগত ভারসাম্য এবং জীববৈচিত্র্য রক্ষায় বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরীর দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি উদ্যোগের তাগিদ
- নদী বিজ্ঞান (Hydrology) ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নদী-খালের সংযোগ পুনঃস্থাপন এবং বর্জ্য ব্যবস্থাপনায় সকল সংস্থার সমন্বিত ভূমিকার আহ্বান
- ইউরোপীয় ইউনিয়ন (EU) আয়োজিত উচ্চপর্যায়ের ইভেন্টে পরিবেশ বিশেষজ্ঞ, নীতি নির্ধারক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগ
রাজধানী ঢাকার চারপাশের নদী সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, নাব্য পুনরুদ্ধার এবং স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে পরিবেশ বিজ্ঞান ও আধুনিক পানি-প্রযুক্তির সমন্বিত প্রয়োগের ওপর জোর দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি। আজ রাজধানীর গুলশানে ‘আলোকী’ ভবনে ‘টিম ইউরোপিয়ান ইউনিয়ন’ (Team European Union) আয়োজিত “High Level Event on Bangladesh Rivers Pollution Control, Conservation and Management of the Rivers Surrounding Capital Dhaka” শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী উল্লেখ করেন, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীগুলো ঢাকার পরিবেশ, জনস্বাস্থ্য, অর্থনীতি এবং জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে নদীর বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। নদীতে শিল্পবর্জ্য, অবিশোধিত পয়ঃবর্জ্য ও কঠিন প্লাস্টিক বর্জ্য ফেলা পুরোপুরি বন্ধে পরিবেশ বিজ্ঞান সম্মত ইএফটি (ETP) প্রযুক্তি ও বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
পরিবেশ বিজ্ঞান ও জলবায়ু প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, নদীর প্রবাহ বাধাগ্রস্ত হলে তীব্র জলাবদ্ধতা এবং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ঘটে। এ কারণে নদী ও তার সঙ্গে সংযুক্ত খাল ও জলাধারগুলোর হাইড্রোলজিক্যাল সংযোগ পুনঃস্থাপন করতে হবে। আধুনিক ড্রেজিং প্রযুক্তি ও হাইড্রোগ্রাফিক জরিপের মাধ্যমে নিয়মিত খনন ও পুনঃখনন কার্যক্রম পরিচালনা করে পানি প্রবাহ বজায় রাখার জাতীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পানিসম্পদ, পরিবেশ, নৌপরিবহন, স্থানীয় সরকার, রাজউকসহ সকল অংশীদারদের প্রযুক্তিগত ডেটা শেয়ারিং ও সমন্বয়ের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের মহাপরিচালক মাহবুবা রহমান, এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং (Qingfeng Zhang), ইউরোপীয় ইউনিয়নের মিনিস্টার কাউন্সিলর ও প্রধান (উন্নয়ন সহযোগিতা) মাইকেল ক্রেইজা (Michal Krejza), ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেয়ার-শার্লে (Jean-Marc Sere Charlet) এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল (Joris Van Bommel) উপস্থিত থেকে টেকসই নদী ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
//ডিবিটেক/এনইউপিআর/এসএমই/এমআইএসটি//





