অনলাইন কুইজে ভূমি সচেতনতায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ
ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে রাজধানীর হাবীবুল্লাহ্ বাহার কলেজ–এ অনুষ্ঠিত হয়েছে “ভূমি কুইজ” প্রতিযোগিতা। অনলাইনভিত্তিক এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ভূমি ব্যবস্থাপনা, ডিজিটাল ভূমিসেবা এবং নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
১৪ মে, বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করে ভূমি মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি আপিল বোর্ড (সচিব) চেয়ারম্যান মো. আবদুল্লাহ্ আল বাকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ভূমিসেবা সহজ, স্বচ্ছ ও স্বয়ংক্রিয় করতে কাজ করছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে নাগরিকরা দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পাচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্মকে ভূমি বিষয়ে সচেতন করে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কুইজ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতা নয়; বরং শিক্ষার্থীদের ভূমি সম্পর্কিত জ্ঞান অর্জনে উৎসাহিত করা এবং ভূমিসেবা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে রুবায়েত পাপ্পু। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েস।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. হান্নান মিয়া। তিনি আধুনিক ভূমি ব্যবস্থাপনা, অটোমেটেড ভূমিসেবা এবং ডিজিটাল নাগরিকসেবার বিভিন্ন দিক তুলে ধরেন। তার বক্তব্যে ভূমি খাতে প্রযুক্তিনির্ভর সেবার বিস্তার এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে সেবা সহজীকরণের বিষয় গুরুত্ব পায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অনলাইনভিত্তিক ভূমি কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি পরিচালনা করেন ড. বি এম সাজ্জাদ হোসাইন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ভূমিসেবা মেলা ২০২৬-এর অংশ হিসেবে ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যাতে তারা আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আরও বাস্তবধর্মী ধারণা লাভ করে। ডিবিটেক/ইসি/এমইউএম



