গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস ট্র্যাকিং
সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৯ মার্চ, রবিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে বৈঠকে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে মন্ত্রী শেখ রবিউল আলম জানান, গণপরিবহনে জিপিএস কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক ও জনপথ অধিদপ্তরকে ইউটার্নগুলোকে নিরাপদ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং স্থানীয় সড়কগুলোতে নিরাপদ ইউটার্ন নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে ফেরিতে যানবাহন ওঠানোর সময় যাত্রীদের নামিয়ে নিরাপদভাবে উঠানো ও নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হবে। ফিটনেসবিহীন কোনো যানবাহনের রেজিস্ট্রেশন না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বিআরটিএকে আরও শক্তিশালী করতে হবে এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সড়ক ও সেতুমন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশকে আরও তৎপর করা হবে, পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে এবং অনিয়ন্ত্রিত অস্থায়ী বাস কাউন্টার বন্ধ করা হবে। অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রতিটি বাস কাউন্টার ও যানবাহনে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন বাধ্যতামূলক করা হবে। শিগগিরই এসি বাসের ভাড়া নির্ধারণে সরকার উদ্যোগ নেবে।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে আগামী দিনে ঈদযাত্রা আরও নিরাপদ, নির্বিঘ্ন ও যাত্রীবান্ধব হবে।
ডিবিটেক/এনডি/ইকে



