সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাকা: সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা […] The post সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ first appeared on Sarabangla | Breaking News | Sports |

ঢাকা: সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশের আওতায় আসা অন্য ব্যক্তিরা হলেন— মনিরুল ইসলামের স্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা।
দুদকের অনুসন্ধানী দলের প্রধান ও উপপরিচালক মোজাম্মিল হোসেনের করা আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে ২৫ কোটি টাকা লোপাট, জঙ্গিবাদের অভিযোগ তুলে কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের এনজিওর নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্তদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। সংগৃহীত নথিপত্র অনুযায়ী তাদের অসংখ্য ব্যাংক হিসাবের সন্ধান মেলে, যেখান থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন ও বিদেশে পাচারের চেষ্টা চলছিল। এসব অর্থ বা সম্পত্তি হস্তান্তরিত হয়ে গেলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হতে পারে বলে আদালত হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা স্বীকার করেন।
আদালতের নথি অনুযায়ী, মনিরুল ইসলামের ১১টি হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা ও ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড, তার স্ত্রী সায়লা ফারজানার ৫টি হিসাবে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা, শ্যালক রেজাউল আলমের ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানমের ২৭টি হিসাবে ৮ কোটি ২২ লাখ ৫১ টাকা জমা রয়েছে।
The post সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





