গবেষণায় দেশের মধ্যে তৃতীয় বাকৃবি
বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় বাকৃবির ১৬ গবেষক
- স্ট্যানফোর্ড-এলসেভিয়ারের বৈশ্বিক শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেলেন বাকৃবির ১৬ গবেষক।
- একক বছরের গবেষণা প্রভাবে এবার বিশ্ববিদ্যালয়টির গবেষক সংখ্যা বেড়েছে চারজন।
- ৩৪৭ জন বাংলাদেশি গবেষকের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়নে বাকৃবি তৃতীয় অবস্থানে রয়েছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে টেকসই কৃষি প্রযুক্তি, প্রাণিসম্পদ ও জৈবপ্রকৌশল গবেষণার বৈশ্বিক মানে অনন্য স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক তালিকায় স্থান করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ১৬ জন কৃতি শিক্ষক ও গবেষক। একক বছরের গবেষণা প্রভাবের ভিত্তিতে প্রতিষ্ঠানভিত্তিক তালিকায় দেশসেরা গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে বিদ্যাপীঠটি।
৮ অক্টোবর, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথ উদ্যোগে হালনাগাদ এই বৈশ্বিক তথ্যভাণ্ডার প্রকাশ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। বৈশ্বিক এই তালিকায় বাংলাদেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মোট ৩৪৭ জন গবেষক অন্তর্ভুক্ত হয়েছেন। প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়নে ২২ জন গবেষক নিয়ে শীর্ষস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ২০ জন গবেষক নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন পি এ আয়োনিডিসের নেতৃত্বে প্রস্তুত করা এই আন্তর্জাতিক ডাটাবেজে মূলত ২০২৫ সালে প্রকাশিত গবেষণাপত্রের উদ্ধৃতি বা সাইটেশনের প্রভাব মূল্যায়ন করা হয়েছে।
আন্তর্জাতিক তালিকায় একক বছরের গবেষণা প্রভাবে স্থান পাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬ জন গবেষক হলেন— ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান, অ্যাকোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলে রোহানী, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কে এম গোলাম দস্তগীর, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তাহজিব-উল-আরিফ, অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মজিদ, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. টুম্পা রানী সরকার, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ূন কবির, সীড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান এবং প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের তুলনায় এবার বিশ্ববিদ্যালয়টির গবেষকের সংখ্যা চারজন বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই অন্তর্ভুক্তি বাকৃবির কৃষি-প্রকৌশল ও জৈববিজ্ঞানের বৈশ্বিক দৃশ্যমানতা ও অগ্রযাত্রার সুস্পষ্ট প্রতিফলন।
//ডিবিটেক/আরাফাত হোসাইনেএসএমপি/এমএসআই//





