পানিসম্পদ প্রতিমন্ত্রী

পরিবেশ ক্ষতিকারক ইউক্যালিপ্টাস গাছ কেটে ফেলতে হবে

পরিবেশ ক্ষতিকারক ইউক্যালিপ্টাস গাছ কেটে ফেলতে হবে
১৩ এপ্রিল, ২০২৬ ২২:০৩  

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ইউক্যালিপ্টাস গাছ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই গাছ প্রচুর পানি শোষণ করে, ফলে পরিবেশ ও কৃষি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। তাই ইউক্যালিপ্টাস গাছ আর লাগানো যাবে না, বরং ফলদ, ঔষধি ও কাঠের গাছ লাগাতে হবে। তিনি ইউক্যালিপ্টাস গাছ কেটে ফেলার আহ্বান জানান।

১৩ এপ্রিল, সোমবার পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের গেদিপাড়া এলাকায় ছেতনাই নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, একসময় এই নদী স্থানীয় মানুষের চাষাবাদ ও জীবিকার অন্যতম উৎস ছিল। বর্তমানে এটি মরা খালে পরিণত হয়েছে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয় ও খাল খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করা হবে। এর মাধ্যমে পানি সংরক্ষণ করে বাংলাদেশকে আবারও সুজলা-সুফলা, শস্য-শ্যামলা দেশে পরিণত করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে সবুজায়নের উদ্যোগ নিয়েছেন। তাঁর নেতৃত্বে পানিসম্পদ মন্ত্রণালয় ছাড়াও কৃষি, এলজিইডি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সমন্বয়ে মহাপরিকল্পনা নেয়া হয়েছে। এর আওতায় নিয়মিত নদী ও খাল পুনঃখনন করা হচ্ছে এবং ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। খালের পাশে মাছ চাষ ও হাঁস পালনের ব্যবস্থাও করা হবে।

তিনি জানান, ছেতনাই নদী খনন কাজে প্রায় এক হাজার শ্রমিক যুক্ত হবে, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল খননের কাজে ৬০ শতাংশ শ্রমিক, কৃষক ও শিক্ষার্থীকে সম্পৃক্ত করা হবে। এতে মানুষের অংশগ্রহণ যেমন বাড়বে, তেমনি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিবিটেক/কেআইএস/ইকে