নেটওয়ার্কিং শিল্পে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ

আইডিইবিতে অনুষ্ঠিত হলো ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

  • ওয়ান স্কাই কমিউনিকেশন্সের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • আইএসপি ও নেটওয়ার্কিং প্রযুক্তির বাস্তব অভিজ্ঞতা অর্জন
  • একাডেমিক জ্ঞান ও শিল্পের সংযোগে ক্যারিয়ার দিকনির্দেশনা

আইডিইবিতে অনুষ্ঠিত হলো ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’
৫ অক্টোবর, ২০২৬ ২০:৫৩  

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার সঙ্গে উচ্চগতির ইন্টারনেট অবকাঠামো ও টেলিকম নেটওয়ার্কিং শিল্পের বাস্তব কর্মক্ষেত্রের সংযোগ ঘটাতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ শীর্ষক বিশেষ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম। দেশীয় শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ওয়ান স্কাই কমিউনিকেশন্স লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং আর্কিটেকচার, ব্রডব্যান্ড প্রযুক্তি এবং পেশাগত সমস্যা সমাধানের আধুনিক কলাকৌশল সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দেওয়া হয়।

৫ অক্টোবর, সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আয়োজনে সহ-পৃষ্ঠপোষক হিসেবে ওয়ান স্কাই কমিউনিকেশন্সের সঙ্গে যুক্ত ছিল ওয়ান স্কাই ইনফরমেশন টেকনোলজি (ওএসআইটি), স্কাই ট্র্যাকার এবং প্রগতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া, ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিটিএসপিএবি) সভাপতি আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুৎ, সামিট কমিউনিকেশন্স লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শারমিন জামান এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা ইশরাত জাহান।

ওয়ান স্কাই কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন জানান, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে সরাসরি হাতে-কলমে প্রশিক্ষণ এবং বাস্তব আইএসপি অপারেশনসের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক পাঠ্যক্রমকে সরাসরি ইন্ডাস্ট্রিয়াল ডেটা-সেন্টার ও ক্লাউড নেটওয়ার্কিং কার্যক্রমে রূপান্তরের কৌশল রপ্ত করে কর্মজীবনের জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস গড়ে তুলতে সক্ষম হবেন।

আয়োজকেরা উল্লেখ করেন, বৈশ্বিক তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট খাত প্রতিনিয়ত দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনশীল বাস্তবতায় টিকে থাকতে কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি যথেষ্ট নয়; প্রয়োজন হ্যান্ডস-অন কারিগরি দক্ষতা, তাৎক্ষণিক নেটওয়ার্ক ট্রাবলশুটিং এবং পেশাগত আচরণ। ‘আপনার দক্ষতা—আগামীর প্রবেশপথ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচি নবীন প্রকৌশলী ও শিক্ষার্থীদের আগামীর স্মার্ট কর্মসংস্থানের উপযোগী দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে সমন্বিত ভূমিকা রাখবে।

//ডিবিটেক/এইচএএইচ/এসএমপি/এমআইএস//