পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৬ খসড়া প্রণয়ন
সরকারি ক্রয়ে দেশীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার
- দেশীয় শিল্প ও নতুন-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকারে পিপিআর ২০২৬-এর খসড়া
- শেরেবাংলা নগরে অংশীজনদের কর্মশালায় দ্রুত বিধিমালা চূড়ান্তের তাগিদ
- সুযোগবঞ্চিত শ্রেণি ও টেকসই ই-জিপি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতার গুরুত্বারোপ
সরকারি কেনাকাটায় আধুনিকায়ন, ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) এবং উদ্ভাবনী ব্যবস্থাপনার মাধ্যমে দেশীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে নতুন বিধিমালা প্রণয়ন করছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৬’-এর খসড়া তৈরি করেছে। ১৯ নভেম্বর, বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি-২ মিলনায়তনে প্রস্তাবিত বিধিমালা নিয়ে অংশীজনদের এক পরামর্শ কর্মশালায় পরিকল্পনা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বিধিমালা চূড়ান্ত করার আগে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার ওপর জোর দেন এবং পরামর্শের প্রক্রিয়া দ্রুত শেষ করে বিধিমালা প্রস্তুত করার তাগিদ দেন।
কর্মশালায় পরিকল্পনা প্রতিমন্ত্রী সরকারি সংস্থাগুলোর প্রকল্প প্রস্তাবের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, প্রতিটি সরকারি সংস্থায় একটি সুসংগঠিত পরিকল্পনা ইউনিট থাকা প্রয়োজন, যা দক্ষ ও যথাযথ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করতে পারবে। বর্তমানে ত্রুটিপূর্ণ ডিপিপি জমা পড়ার বিষয়টি উদ্বেগের কারণ বলে তিনি উল্লেখ করেন। এছাড়া সরকার বিচ্ছিন্নভাবে নিজ নিজ গণ্ডির মধ্যে উদ্যোগ নেওয়াকে নিরুৎসাহিত করছে জানিয়ে তিনি মন্ত্রণালয়গুলোর মধ্যে উদ্ভাবনী উদ্যোগে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।
কর্মশালায় প্রস্তাবিত বিধিমালার বিভিন্ন বিধান তুলে ধরেন বিপিপিএর পরিচালক শাহ ইয়ামিন উল ইসলাম। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ৮০ জনেরও বেশি প্রতিনিধি এতে অংশ নিয়ে নতুন বিধিমালার জন্য পরামর্শ দেন। প্রতিমন্ত্রীর পরামর্শ অনুযায়ী বিধিমালা চূড়ান্ত করার আগে আরও কয়েকটি পরামর্শসভা করার কথা জানায় বিপিপিএ।
বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান জানান, সরকারি ক্রয়ে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং প্রতিযোগিতা বাড়াতে নতুন, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র, নারী এবং সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা ও অগ্রাধিকারমূলক বিধান রাখা হচ্ছে। সরকারি ক্রয়ের নয়টি মূলনীতির মধ্যে টেকসই ক্রয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, দেশের টেকসই উন্নয়নের জন্য সরকারি ক্রয়ে টেকসই চর্চা প্রতিষ্ঠায় তারা কাজ করছেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরী জানান, বর্তমান সরকার দক্ষ ও আধুনিক আইন প্রণয়নের ম্যান্ডেট পেয়েছে। কিছু যৌক্তিক কারণে সরকার পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ সংশোধন করছে। তিনি সরকারি ক্রয়ের সঙ্গে যুক্ত সবার নৈতিকতার ওপরও জোর দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর, সোমবার জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল পাস হয়। এতে ‘সুযোগবঞ্চিত ব্যক্তি’ নামে নতুন একটি শ্রেণি যোগ করা হয়েছে। এই শ্রেণিতে কারা পড়বেন এবং কোন শর্তে অগ্রাধিকার পাবেন, তার বিস্তারিত ঠিক হবে নতুন বিধিমালায়।
সংশোধিত আইনে বলা হয়েছে, দরপত্রে অংশ নেওয়ার যোগ্যতার শর্ত দিয়ে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নতুন উদ্যোক্তাদের অপ্রয়োজনীয়ভাবে বাদ দেওয়া যাবে না। দীর্ঘ মেয়াদের অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা বা একটি বড় চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক শর্ত করা যাবে না। তবে ক্রয়ের ধরন, জটিলতা ও ঝুঁকি বিবেচনায় নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ শর্ত দেওয়া যাবে। দেশে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেওয়া এবং কিছু শ্রেণির দেশীয় পণ্য কেনা বাধ্যতামূলক করার সুযোগও রাখা হয়েছে। বিদেশি প্রতিষ্ঠানকে দরপত্রে অংশ নিতে হলে এক বা একাধিক বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ গড়তে হবে বলেও উল্লেখ করা হয়েছে।
বিলটি পাসের সময় বিরোধী দলের সদস্যরা ‘সুযোগবঞ্চিত ব্যক্তি’ শ্রেণি নিয়ে আপত্তি জানান। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান জানান, এ শ্রেণির সংজ্ঞা যাচাইয়ে একটি নিরপেক্ষ ব্যবস্থা না থাকলে বিধানটির অপব্যবহার হতে পারে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন জানান, এ শ্রেণি আইনের মূল লক্ষ্য প্রতিযোগিতা ও স্বচ্ছতার পরিপন্থী এবং তিনি বিধানটি বাদ দেওয়ার দাবি জানান। জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, সুযোগবঞ্চিত শ্রেণি শুধু একটি শ্রেণিবিন্যাস এবং এ শ্রেণিতে পড়লেই কেউ স্বয়ংক্রিয়ভাবে সুবিধা পাবেন, এমন নয়।
২০০৬ সালে পাবলিক প্রকিউরমেন্ট আইন প্রণয়নের পর ২০০৮ সালে প্রথম পিপিআর জারি হয়। অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালে নতুন বিধিমালা জারি করে ২০০৮ সালের পিপিআর প্রতিস্থাপন করা হয়। সেটি কার্যকর হওয়ার এক বছরের মাথায় আবার নতুন বিধিমালা তৈরির উদ্যোগ নেওয়া হলো। এর আগে চলতি বছরের এপ্রিলে সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল পাস হয়। তাতে সব সরকারি ক্রয়ে ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) বাধ্যতামূলক করা হয় এবং দরপত্রে প্রাক্কলিত ব্যয়ের ১০ শতাংশের বেশি কম দর দেওয়ার সীমা তুলে দেওয়া হয়।
//ডিবিটেক/ওএসসি/ডিআরই/এফওইডি//





