কৃষি উৎপাদন বাড়াতে যৌথ উদ্যোগ
সার্ক অঞ্চলে হাইব্রিড বীজ উৎপাদনে কারিগরি প্রশিক্ষণ
- ভুটানে শুরু সার্কভুক্ত দেশগুলোর হাইব্রিড বীজ প্রশিক্ষণ
- জলবায়ু সহনশীলতা ও উন্নত জাত উদ্ভাবনে গবেষণা জোর
- টমেটো ও মরিচের আধুনিক প্রজনন প্রযুক্তিতে নজর
দক্ষিণ এশীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি টেকসই খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে উন্নত কৃষিপ্রযুক্তি এবং আধুনিক উদ্ভিদ প্রজননের ওপর জোর দিয়ে ভুটানে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি। সার্কভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর জন্য ‘হাইব্রিড সিড প্রডাকশন অব ভেজিটেবলস’ শীর্ষক এই আন্তর্জাতিক আয়োজনের মূল লক্ষ্য মানসম্মত হাইব্রিড বীজ উৎপাদন প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা সুদৃঢ় করা।
৫ অক্টোবর, সোমবার ভুটানের ইউসিপাংয়ে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর অর্গানিক এগ্রিকালচারে হাইব্রিড পদ্ধতিতে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ বিভাগ এবং ঢাকায় অবস্থিত সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) যৌথভাবে এটি আয়োজন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী লিওনপো ইয়োনতেন ফুনশো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার। এ ছাড়া উপস্থিত ছিলেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মালেকা পারভীন, ভুটানে ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নেহা যাদব এবং দেশটির পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের বহুপাক্ষিক বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক।
আয়োজনে সার্ক সচিবালয়, সার্ক কৃষি কেন্দ্র ও ভুটানের কৃষি বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি সদস্য দেশগুলোর বিশেষজ্ঞ ও গবেষকেরা অংশ নেন। ভুটানের প্রায় ৩০ জন কৃষি বিজ্ঞানী ও গবেষক সরাসরি উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা ভার্চুয়ালি প্ল্যাটফর্মে যুক্ত হন।
উদ্বোধনী বক্তব্যে ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী লিওনপো ইয়োনতেন ফুনশো জানান, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রোগবালাই ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় প্ল্যান্ট ব্রিডিং, হাইব্রিড ভিগর ও উন্নত বীজ প্রযুক্তির কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, বীজ প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে গবেষণার বিনিয়োগ যেন কৃষকদের কাছে আধুনিক জাত ও সহজপ্রাপ্য প্রযুক্তি হিসেবে পৌঁছায়, সেদিকে সর্বাধিক নজর দিতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রযুক্তিগত লেকচার, ল্যাবরেটরি বিশ্লেষণ ও মাঠপর্যায়ের প্রদর্শনী অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ করে টমেটো ও মরিচের হাইব্রিড বীজ উৎপাদন, মাতৃগাছ ব্যবস্থাপনা, ইম্যাসকুলেশন, পরাগায়ন, জিনগত বিশুদ্ধতা রক্ষা এবং আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণের কৌশলগুলো হাতে-কলমে শেখানো হচ্ছে। আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে উন্নত সবজি উৎপাদন বাড়িয়ে কৃষকদের আয় বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।
//ডিবিটেক/এবিএম/এসএমপি/বিপিসি//





