অতিরিক্ত কমিশন ও হিডেন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির চরম হুঁশিয়ারি

চট্টগ্রামে ৫ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে ফুডপান্ডা সার্ভিস

  • অতিরিক্ত কমিশন ও চার্জের কারণে পরিচালন ব্যয় বৃদ্ধি ও ভোক্তার ওপর আর্থিক চাপ সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ রেস্তোরাঁ মালিকরা
  • আগামী ৫ অক্টোবর ২০২৬ থেকে পুরো চট্টগ্রাম শহরে ছোট-বড় সব রেস্তোরাঁয় ফুডপান্ডার ডেলিভারি সেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত
  •  টেকসই ব্যবসায়িক পরিবেশ তৈরিতে ফুডপান্ডা কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার সুযোগ এখনও উন্মুক্ত রেখেছে সমিতি

চট্টগ্রামে ৫ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে ফুডপান্ডা সার্ভিস
৩ অক্টোবর, ২০২৬ ২০:৫০  

অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ফুডপান্ডা’-র অতিরিক্ত কমিশন, হিডেন চার্জ ও অন্যায্য শর্তের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতি। রেস্তোরাঁ ব্যবসায়ীদের দীর্ঘদিনের ক্ষোভ ও আর্থিক চাপের মুখে আগামী ৫ অক্টোবর ২০২৬ থেকে পুরো চট্টগ্রাম শহরে ফুডপান্ডার সার্ভিস সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে সংগঠনটি।

সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ফুডপান্ডার সঙ্গে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ হলেও বর্তমান কমিশন কাঠামোর কারণে রেস্তোরাঁগুলোর পরিচালন ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ছে, যার পরোক্ষ প্রভাব পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর। ক্ষুদ্র ও বড়—সকল স্তরের রেস্তোরাঁ মালিকদের স্বার্থ রক্ষায় এবং ন্যায্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতেই এ ধর্মঘট ও বয়কটের ডাক দেওয়া হয়েছে।

তবে অচলাবস্থা নিরসনে আলোচনার পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ ব্যবসায়িক মডেল তৈরিতে ফুডপান্ডা কর্তৃপক্ষ যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নিয়ে আলোচনায় এগিয়ে আসবে এবং নতুন কমিশন কাঠামো তৈরি করবে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।

//ডিবিটেক/জেওসি/এসএমপি/বিপিসি//