নতুন ডিজাইন ও কমপ্যাক্ট মোডে ফায়ারফক্স

নতুন ডিজাইন ও কমপ্যাক্ট মোডে ফায়ারফক্স
১ অক্টোবর, ২০২৬ ০৯:৪২  

ওপেন-সোর্স ব্রাউজিং প্ল্যাটফর্ম ‘মজিলা’ তাদের ফ্ল্যাগশিপ ব্রাউজার ‘ফায়ারফক্স’-এর ইন্টারফেসে ব্যাপক দৃশ্যমান পরিবর্তন এনেছে। ডেস্কটপ ও মোবাইল উভয় সংস্করণের ব্যবহারকারীদের জন্য উন্মোচিত নতুন এই নকশায় বহুল প্রত্যাশিত ‘কমপ্যাক্ট মোড’ ফিরিয়ে আনা হয়েছে। 

এই ফিচারের মাধ্যমে ব্রাউজারের টুলবার ও ট্যাবের আকার ছোট করে মূল ওয়েবসাইট দেখার পরিসর বাড়িয়ে নেওয়া সম্ভব। প্রযুক্তিগত আধুনিকায়নের অংশ হিসেবে ব্রাউজারের থিম, আইকন ও কালার স্কিমে নতুনত্ব আনা হয়েছে, যা জেনারেটিভ এআই সুইচের মতো সাম্প্রতিক ফিচারগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহারিক অভিজ্ঞতাকে আরও দৃষ্টিনন্দন করে তুলবে।
 
থিম পিকার, কাস্টমাইজেশন ও ব্রাউজিং সুবিধা
নতুন ইন্টারফেসে ব্যবহারকারীদের জন্য যুক্ত করা হয়েছে একটি নতুন ‘থিম পিকার’, যার সাহায্যে ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার পরিবর্তন ও পছন্দ অনুযায়ী ইন্টারফেস সাজানো যাবে। 

এছাড়া ‘নিউ ট্যাব’ স্ক্রিনে প্রতিনিয়ত ব্যবহৃত ওয়েবসাইটের শর্টকাটগুলো সহজে গুছিয়ে ও পিন করে রাখার সুবিধা রাখা হয়েছে। ব্রাউজিং গতি বাড়াতে ট্যাব গ্রুপ, স্প্লিট ভিউ ও ভার্টিকাল ট্যাবের মতো প্রোডাক্টিভিটি ফিচারগুলোকে মূল স্ক্রিনের একেবারে সামনে না রেখে দ্রুত অ্যাক্সেসযোগ্য দূরত্বে সাজানো হয়েছে। 

সহজ প্রাইভেসি সেটিংস ও পারফরম্যান্স
নকশার পরিবর্তনের পাশাপাশি নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ন্ত্রণ অপশনগুলোকে খোঁজা আরও সহজ করে তুলেছে মজিলা। ব্রাউজারের মূল গতি ও কার্যক্ষমতায় কোনো ধরনের আপস না করেই প্রতিটি কাস্টমাইজেশন অপশন ডিজাইন করা হয়েছে। 

একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী ও বিভিন্ন চাহিদার ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে এর অ্যাক্সেসিবিলিটি বাড়াতে বিশেষ নজর দেওয়া হয়েছে। ইতিমধ্যে উইন্ডোজ, ম্যাক, অ্যানড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ফায়ারফক্সের এই আধুনিক সংস্করণটি বিশ্বজুড়ে উন্মুক্ত করা শুরু হয়েছে।

ডিবিটেক/বিএমটি     ।    সূত্র: এনগ্যাজেট