ডেনমার্কের সঙ্গে চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেল যুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটি চুক্তি হয়েছে। এর মাধ্যমে দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চুক্তির ফলে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে। ট্রাম্প শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে চুক্তির ঘোষণা দেন। তিনি বলেন, গ্রিনল্যান্ডের […] The post ডেনমার্কের সঙ্গে চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্

ডেনমার্কের সঙ্গে চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেল যুক্তরাষ্ট্র
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০  

গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটি চুক্তি হয়েছে। এর মাধ্যমে দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চুক্তির ফলে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে।

ট্রাম্প শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে চুক্তির ঘোষণা দেন। তিনি বলেন, গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত ও রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার স্থায়ী সক্ষমতা যুক্তরাষ্ট্রের থাকবে। একই সঙ্গে তিনি দাবি করেন, চুক্তিটির জন্য যুক্তরাষ্ট্রের কোনো খরচ হবে না।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিদ্বন্দ্বী দেশ গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন, সামরিক উপস্থিতি বজায় রাখা বা সংবেদনশীল খাতে বিনিয়োগ করতে পারবে না বলে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন। চুক্তিতে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রবেশাধিকার, সামরিক ঘাঁটি ব্যবহারের অধিকার ও আকাশপথ ব্যবহারের অধিকার থাকার কথাও বলা হয়েছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন জানিয়েছেন, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পক্ষ থেকে চুক্তিটি স্বাক্ষর করা হবে। তবে কার্যকর হওয়ার আগে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রয়োজনীয় সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তিনি বলেন, চুক্তিটি আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করবে এবং একই সঙ্গে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেবে।

গ্রিনল্যান্ড সরকারের প্রধান ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেনও চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, চুক্তিটি গ্রিনল্যান্ডের স্বার্থ এবং আন্তর্জাতিক সহযোগিতায় দেশটির অবস্থানকে স্বীকৃতি দেয়।

তবে চুক্তির পূর্ণাঙ্গ লিখিত পাঠ এখনো প্রকাশ করা হয়নি। ফলে এর সুনির্দিষ্ট শর্ত এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতার পরিধি নিয়ে কিছু বিষয় এখনো পরিষ্কার নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড বা ডেনমার্কের অনুমোদন ছাড়াই নতুন সামরিক স্থাপনা নির্মাণ করতে পারবে কি না, তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।

চুক্তিটি এমন সময়ে হলো, যখন কয়েক মাস ধরে ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলে আসছিলেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক অঞ্চলে গ্রিনল্যান্ডের অবস্থান এবং দ্বীপটির বিপুল খনিজ সম্পদের কারণে এর প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। ট্রাম্প এর আগে রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে দাবি করেছিলেন।

গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের স্বশাসিত অঞ্চল। ১৯৫১ সালের একটি প্রতিরক্ষা চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের এরই মধ্যে গ্রিনল্যান্ডে ব্যাপক সামরিক প্রবেশাধিকার রয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে পিতুফিক স্পেস বেসে শতাধিক মার্কিন সামরিক সদস্য স্থায়ীভাবে অবস্থান করছেন। নতুন চুক্তির ফলে এই সামরিক উপস্থিতি আরও বাড়তে পারে।

The post ডেনমার্কের সঙ্গে চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেল যুক্তরাষ্ট্র first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.