ভিউ প্রতিযোগিতার অপসাংবাদিকতা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের
১ জুন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন অনলাইন মিডিয়ার খন্ডিত ভিডিও ও ফটোকার্ডের মাধ্যমে ছড়ানো অপসাংবাদিকতা বন্ধের আহ্বান জানিয়েছেন।
দেশের গণমাধ্যমগুলো এখন সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কাজ পরিচালনা করছে, যার বাস্তব প্রমাণ প্রতিদিনকার টেলিভিশনের স্ক্রিন এবং খবরের কাগজের পাতাগুলো উল্টালেই দেখা যায়। ঈদের ছুটির পর ১ জুন, সোমবার প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তবে গণমাধ্যমের এই স্বাধীনতার সমান্তরালে অনলাইন প্ল্যাটফর্মগুলোর কিছু নেতিবাচক প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে কিছু কিছু মিডিয়ার অনলাইন সংস্করণে নিজেদের মনের মাধুরী মিশিয়ে বিভ্রান্তিকর ফটোকার্ড বানানো হচ্ছে। একই সাথে ভিউ পাওয়ার প্রতিযোগিতার নামে রিলসের মাধ্যমে বিভিন্ন খন্ডিত বক্তব্য ও এডিটেড ভিডিও প্রচার করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছানোর পাশাপাশি সমাজে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরির সুযোগ তৈরি হচ্ছে। ডিজিটাল মাধ্যমের এই যুগে ভিউ পাওয়ার অন্ধ দৌড়ে শামিল হয়ে এমন অপসাংবাদিকতা বন্ধ করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
ঈদ ঘিরে সাধারণ মানুষের সুবিধার্থে দেশের ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন গণমুখী উদ্যোগের বিস্তারিত চিত্র তুলে ধরতে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আতিকুর রহমান রুমন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, দেশে সুশাসন নিশ্চিত করতে এবং মানুষ যাতে পরম শান্তিতে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দেশকে অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে সামনের দিকে এগিয়ে নিতে সরকারের সর্বোচ্চ চেষ্টা ও নিরলস পরিশ্রম অব্যাহত রয়েছে। দেশের সর্বস্তরের মানুষ যখন আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ঈদের ছুটি উদযাপনে ব্যস্ত ছিলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর পুরো টিম এক মুহূর্তের জন্যও বসে থাকেনি, বরং সরকারি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন সচল রেখেছে।
এই গণমুখী উদ্যোগের বাস্তব উদাহরণ দিতে গিয়ে অতিরিক্ত প্রেস সচিব জানান, ঈদের ঠিক পরদিনই প্রধানমন্ত্রী নিজেই ব্যক্তিগত উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকা সশরীরে ঘুরে ঘুরে কোরবানির বর্জ্য অপসারণের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেছেন। মাঠপর্যায়ে পরিদর্শনের সময় কোথাও কোনো ধরণের অব্যবস্থাপনা কিংবা পরিচ্ছন্নতা কর্মীদের গাফিলতি চোখে পড়ামাত্রই তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি নাগরিকের সেবার মানোন্নয়নে বর্তমান সরকার কতটা আন্তরিক, তা এই তদারকির মাধ্যমেই স্পষ্ট হয়। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট সকল উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত এক করে দেশের জনগণের কল্যাণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে তিনি সংবাদ সম্মেলনে জোর দাবি করেন।
/ডিবিটেক/বিপিও/ইকে/



