ইভ্যালি'র প্রায় ১৩ কোটি টাকার দায় ফেরত দিয়েছে নগদ

ইভ্যালি'র প্রায় ১৩ কোটি টাকার দায় ফেরত দিয়েছে নগদ
২০ আগষ্ট, ২০২৫ ০০:২১  
২০ আগষ্ট, ২০২৫ ০৭:৩৫  

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি বন্ধ হওয়ার সময় নগদের অ্যাকাউন্টে জমা থাকা অর্থের অধিকাংশই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিনটেক প্রতিষ্ঠানটি।

নগদ সূত্রে প্রকাশ, ২০২১ সালের অক্টোবর মাসে বন্ধ হওয়ার সময় ইভ্যালির পাওনাদার গ্রাহকদের মোট ১৭ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ১৭৫ দশমিক ৮৪ টাকা নগদের কাছে জমা ছিল। এর মধ্যে ১২ কোটি ৮৩ লাখ ১২ হাজার ৭৮০ দশমিক ৬৪ টাকা ২৪,৬৩০ জন গ্রাহককে ফেরত দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুসারে যথাযথ যাচাই বাছাই প্রক্রিয়াসম্পন্ন করার মাধ্যমে ২০২৩ সালে নগদ ১,৬৩১ জন গ্রাহককে ৬ কোটি ১৪ লাখ ৪৭৫ দশমিক ৭০ টাকা এবং ২০২৪ সালে ২২,৯৯৯ জন গ্রাহককে কয়েক দফায় ৬ কোটি ৬৮ লাখ ২৬ হাজার ৩০৪ দশমিক ৯৪ টাকা ফেরত দিয়েছে। 

এ বিষয়ে নগদের চিফ কমার্সিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন, “অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আমরা ইভ্যালির পাওনাদার গ্রাহকের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব পালন করছি। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা নিশ্চিত করছি, নগদের সিস্টেমে ইভ্যালির গ্রাহকদের যে পরিমাণ টাকা জমা রয়েছে, তা ফেরত দেওয়ার জন্য নগদ সবসময় প্রস্তুত রয়েছে।”

প্রসঙ্গত: বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স বিষয়ক কারিগরি কমিটির সরাসরি তত্ত্বাবধানে নগদের নিকট জমা অর্থ গ্রাহককে ফেরত প্রদানের কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে নগদের নিকট ইভ্যালির গ্রাহকের ৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৩৯৫ দশমিক ২০ টাকা জমা রেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্সবিষয়ক কারিগরি কমিটির নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের এই অর্থ ফেরত দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে নগদ কর্তৃপক্ষ।