এসবি এনার্জিতে ওপেনএআইয়ের ৫৫০ কোটি ডলারের শেয়ার ওয়ারেন্ট

এসবি এনার্জিতে ওপেনএআইয়ের ৫৫০ কোটি ডলারের শেয়ার ওয়ারেন্ট
৩১ আগষ্ট, ২০২৬ ১৪:৫২  

জাপানি প্রযুক্তি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান 'এসবি এনার্জি'তে প্রায় ৫৫০ কোটি ডলার সমমূল্যের শেয়ার ক্রয়ের পরোয়ানা বা 'ওয়ারেন্ট' পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের পরিচিত প্রতিষ্ঠান ওপেনএআই। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে খসড়া আইপিও নথির বরাতে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নবায়নযোগ্য জ্বালানি ও ডেটা সেন্টার অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠান এসবি এনার্জি আন্তর্জাতিক শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। শিগগিরই প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে পারে। 

বাজার অভিষেকের সময় এসবি এনার্জির সামগ্রিক মূল্যায়ন ৫ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইপিওর খসড়া নথিতে ওপেনএআইয়ের এই বিশাল অংকের ওয়ারেন্ট প্রাপ্তির বিষয়টি প্রকাশ পাওয়ার পর প্রযুক্তি খাতে আলোচনার জন্ম দিয়েছে।

এসবি এনার্জির ব্যবসায়িক পরিকল্পনার সাথে শুধু ওপেনএআই নয়, সেমিকন্ডাক্টর খাতের শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়াও সরাসরি যুক্ত। এনভিডিয়া সম্প্রতি এসবি এনার্জিতে ১৫০ কোটি ডলার সরাসরি বিনিয়োগ করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এসবি এনার্জির গড়ে তোলা একটি সুবিশাল ডেটা সেন্টার ক্যাম্পাস ইজারা নেওয়ার ক্ষেত্রে ওপেনএআইকে প্রায় ১০ হাজার ৫০০ কোটি ডলার পর্যন্ত ঋণসহযোগিতার নিশ্চয়তা দিয়েছে এনভিডিয়া। 

চুক্তি অনুযায়ী, সফটব্যাংক ও ওপেনএআই যৌথভাবে এসবি এনার্জির প্রধান তিনটি ডেটা সেন্টার ক্যাম্পাসের দীর্ঘমেয়াদি ভাড়াটিয়া হিসেবে যুক্ত থাকবে।

২০১৯ সালে যাত্রা শুরু করা এসবি এনার্জি মূলত বড় আকারের সৌর, বায়ুবিদ্যুৎ এবং ডেটা সেন্টার অবকাঠামো নির্মাণ ও পরিচালনা করে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ও অ্যালগরিদম চালাতে বিপুল পরিমাণ শক্তি ও জটিল প্রযুক্তি কাঠামোর প্রয়োজন পড়ে। এই বিশাল চাহিদা মেটাতে এসবি এনার্জি বেশ কয়েকটি পরিবেশবান্ধব নতুন ডেটা ক্যাম্পাস নির্মাণ করছে। 

প্রযুক্তি খাতের পরাশক্তি ওপেনএআই, এনভিডিয়া ও সফটব্যাংকের এই সমন্বিত অর্থায়ন মূলত এআই খাতের শক্তি ও অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার দিকেই ইঙ্গিত দেয়।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স