এনআইডি ও পাসপোর্টের সাথে যুক্ত হলো সেন্ট্রাল রিপ্যাট্রিয়েশন ডেটাবেজ

পাচার প্রতিরোধ ও প্রত্যাবাসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরডিএমএস প্ল্যাটফর্ম

  • মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার নাগরিকদের প্রত্যাবাসন গতিশীল করতে সেন্ট্রাল আরডিএমএস সিস্টেম চালু
  • প্ল্যাটফর্মটি ইতোমধ্যে এনআইডির সঙ্গে সংযুক্ত; জন্ম-মৃত্যু নিবন্ধন ও ই-পাসপোর্টের সঙ্গে ইন্টিগ্রেশন চলমান
  • স্পেশাল ব্রাঞ্চ, জাস্টিস অ্যান্ড কেয়ার এবং অস্ট্রেলিয়া সরকারের কারিগরি সহযোগিতায় তৈরি ডিজিটাল প্ল্যাটফর্ম

পাচার প্রতিরোধ ও প্রত্যাবাসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরডিএমএস প্ল্যাটফর্ম
৩০ আগষ্ট, ২০২৬ ১২:৪২  

মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে দ্রুত, নিরাপদ ও সমন্বিতভাবে দেশে ফেরানোর প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে ‘রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম’ (RDMS) প্ল্যাটফর্ম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩০ আগস্ট, ২০২৬ রবিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সেন্ট্রাল ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ জানান, প্রত্যাবাসন ও সারভাইভারদের পুনর্বাসন প্রক্রিয়া বেগবান করতে আরডিএমএস প্ল্যাটফর্মটিকে ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডেটাবেজের সঙ্গে সরাসরি সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক ও শিশুদের নিখুঁত বায়োমেট্রিক ও তথ্যগত শনাক্তকরণে এটিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন ডেটাবেজ এবং পাসপোর্ট সেবা সার্ভারের সঙ্গে সমন্বিত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আন্তঃসংস্থার সমন্বিত এই আইটি অবকাঠামো পাচার প্রতিরোধ ও ভুক্তভোগীদের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়ন এবং জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় নির্মিত এই সেন্ট্রাল প্ল্যাটফর্মটি প্রচলিত কাগুজে চিঠিপত্রের দীর্ঘসূত্রতা দূর করবে। বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও হাইকমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর মধ্যে রিয়েল-টাইমে কেস ট্র্যাকিং, পুলিশ ভেরিফিকেশন ও নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া এখন স্বয়ংক্রিয় ও ক্লাউড ডেটা সুরক্ষায় সম্পন্ন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, এসবির ডিআইজি (এসসিও) জাহাঙ্গীর হোসেন এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের কাউন্সেলর রুবেন গ্রে। স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং আরডিএমএস সিস্টেমের কারিগরি আর্কিটেকচার তুলে ধরেন জাস্টিস অ্যান্ড কেয়ারের কান্ট্রি ডিরেক্টর তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ভারত ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ প্রযুক্তি ও নীতি-নির্ধারকরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এফএইচপি/এমআইএসটি//