শাওমির নতুন ফোল্ডেবল ফোনে থাকবে সিএক্সএমটির মেমোরি চিপ
চীনা চিপ প্রস্তুতকারক শীর্ষ প্রতিষ্ঠান ‘চাংশিন মেমোরি টেকনোলজিস’ (সিএক্সএমটি) তাদের সর্বশেষ প্রযুক্তির এলপিডিডিআর৬ ডিআরএএম মেমোরি চিপ বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে। চীনের জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান শাওমির আগামী সেপ্টেম্বরে বাজারে আসতে যাওয়া ফ্ল্যাগশিপ ভাঁজযোগ্য ফোন ‘১৮ ফোল্ড’-এ এই উন্নত মেমোরি চিপ ব্যবহার করা হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে সিএক্সএমটি ও শাওমি যৌথভাবে এই নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সিএক্সএমটি পূর্ববর্তী প্রজন্মের এলপিডিডিআর৫ চিপের ব্যাপক উৎপাদনের এক বছরেরও কম সময়ের মধ্যে এই নতুন সংস্করণের চিপ বাজারে আনল।
প্রযুক্তিগত অগ্রগতি ও বিশাল রাজস্ব
মোবাইল ডিভাইসের জন্য তৈরি এই এলপিডিডিআর৬ চিপটি সিএক্সএমটির সবচেয়ে আধুনিক ডাইনামিক র্যান্ডম-অ্যাক্সেস মেমোরি চিপ। এর ফলে চিপ প্রযুক্তিতে স্যামসাং এবং এসকে হাইনিক্সের মতো বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে প্রতিষ্ঠানটির ব্যবধান অনেকটাই কমে এসেছে।
শাওমি জানিয়েছে, তাদের নতুন এই ফোল্ডেবল ফোনে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৩-ন্যানোমিটারের ‘এক্সরিং ও৩’ প্রসেসর ব্যবহার করা হবে, যা সরাসরি এই নতুন চিপকে সাপোর্ট করে। সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রকাশিত প্রথম অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে সিএক্সএমটি বড় ধরনের মুনাফার মুখ দেখেছে। পূর্ববর্তী বছরের তুলনায় প্রতিষ্ঠানটির রাজস্ব ৮৭৪ শতাংশ বেড়ে ১৫০.৩ বিলিয়ন ইউয়ান বা প্রায় ২২.৩৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
আইনি লড়াই ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ
হেফেই-ভিত্তিক এই চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ইতোমধ্যে মোবাইল ফোন, সার্ভার এবং স্মার্ট গাড়িতে ব্যবহারের জন্য নতুন চিপের নমুনা গ্রাহকদের কাছে পাঠাতে শুরু করেছে। তবে ব্যবসায়িক সফলতার পাশাপাশি নতুন এক আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সিএক্সএমটি।
চীনের সামরিক বাহিনীকে সহায়তা করার অভিযোগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রতিষ্ঠানটিকে বিশেষ কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। পেন্টাগনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত শুক্রবার মার্কিন আদালতে মামলা দায়ের করেছে সিএক্সএমটি।
আদালতের চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি না হলেও বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্ত করতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চিপ প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





