মন্দাবস্থার মধ্যেও এআই ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশ্ববাজারে অনার স্মার্টফোনের চাহিদা বৃদ্ধি
বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার
- বিশ্ব স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে জায়গা করে নিয়েছে অনার।
- বছরের প্রথমার্ধে অনারের স্মার্টফোন সরবরাহ ৯ শতাংশ বেড়েছে।
বিশ্বজুড়ে স্মার্টফোনের বাজারে মন্দাবস্থার মধ্যেও চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) অনারের স্মার্টফোন সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আন্তর্জাতিক ডেটা কর্পোরেশন (আইডিসি) এবং ওমডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এই প্রবৃদ্ধির হাত ধরে বৈশ্বিক অ্যান্ড্রয়েড বাজারে শীর্ষে জায়গা করে নেওয়ার পাশাপাশি শীর্ষস্থানীয় বৈশ্বিক ব্র্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অনার। এ ছাড়া, বিশ্ববাজারে বার্ষিক ইতিবাচক প্রবৃদ্ধি অর্জনকারী একমাত্র চীনা অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা হিসেবেও পরিচয় অর্জন করেছে ব্র্যান্ডটি।
ওমডিয়ার তথ্যমতে, মধ্যপ্রাচ্যে সার্বিক স্মার্টফোন সরবরাহ ১৩ শতাংশ কমলেও অনারের সরবরাহ বেড়েছে ৩৫ শতাংশ। একই সময়ে আফ্রিকায় অনারের স্মার্টফোন সরবরাহ বার্ষিক ভিত্তিতে ৫৩ শতাংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ১৫ শতাংশ বেড়েছে। বিশ্ববাজারে অনারের পণ্য বিক্রি ও আয় বেড়েছে যথাক্রমে ২০ এবং ২৬ শতাংশ।
অনারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস লি জানান, প্রথমার্ধে অনারের এই অগ্রগতি তাঁদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গু জানান, এই প্রবৃদ্ধি গ্রাহকদের চাহিদা অনুযায়ী উদ্ভাবনের আত্মবিশ্বাস জোগাচ্ছে। বর্তমানে স্মার্টফোনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এবং অন্যান্য স্মার্ট ডিভাইসের ওপর জোর দিচ্ছে অনার।
//ডিবিটেক/বিআরপি/এমআইএস//





