অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুটি ক্রয় প্রস্তাব পাস
ইমিগ্রেশনে পাঁচ প্রযুক্তি ও ডানেজ কেনার অনুমোদন
- ইমিগ্রেশন ব্যবস্থাপনায় এপিআইএস, পিএনআর, ই-ভিসা, ই-টিএ ও ডেটা অ্যানালিটিকস প্রযুক্তি সংযোজন
- খাদ্যগুদামে খাদ্যশস্য সংরক্ষণে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৫ হাজার পিস ডানেজ সংগ্রহ
- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত
জাতীয় নিরাপত্তা সুদৃঢ়করণ এবং বিমানবন্দর ও সীমান্ত ইমিগ্রেশন ব্যবস্থাপনায় পাঁচটি আধুনিক তথ্যপ্রযুক্তি সংযোজনের লক্ষ্যে বিশেষ ক্রয় পদ্ধতির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে খাদ্য অধিদফতরের গুদামগুলোতে খাদ্যশস্য খামালজাতকরণে ১৫ হাজার পিস ডানেজ ক্রয়ের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। ২৪ আগস্ট, সোমবার বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপস্থাপিত দুটি পৃথক প্রস্তাবের ওপর বিশদ পর্যালোচনা শেষে নীতিগত অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রস্তাবের অংশ হিসেবে দেশের ইমিগ্রেশন কাঠামোর বিদ্যমান সিস্টেমের সঙ্গে পাঁচটি আধুনিক প্রযুক্তি প্ল্যাটফর্ম সমন্বয় করা হবে।
সংযোজিত হতে যাওয়া আধুনিক প্রযুক্তিগুলো হলো— অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (APIS), প্যাসেঞ্জার নেম রেকর্ড (PNR), ইলেকট্রনিক ভিসা (e-Visa), ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (e-TA) এবং সার্বভৌম ডেটা অ্যানালিটিকস প্ল্যাটফর্ম (Sovereign Data Analytics Platform)। জাতীয় নিরাপত্তার কৌশলগত গুরুত্ব বিবেচনায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮(১) ও (২) ধারা অনুসরণ করে এসব প্রযুক্তিগত সরঞ্জাম ও সফটওয়্যার অবকাঠামো ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে খাদ্য অধিদফতরের আওতাধীন গুদামগুলোতে খাদ্যশস্য বিজ্ঞানসম্মত উপায়ে খামালজাতকরণের জন্য ১৫ হাজার পিস আধুনিক ডানেজ সংগ্রহ করা হবে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ৯৯(২)-এ উল্লিখিত নির্ধারিত মূল্যসীমার ঊর্ধ্বে এই বিশেষ সংগ্রহ কার্যক্রম পরিচালনার সুপারিশ করেছে কমিটি।
//ডিবিটেক/ বিএনও/এসএমই//





