চুক্তিবদ্ধ নগদ ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

ব্যাংক ও নগদ ওয়ালেটের মধ্যে অ্যাড মানি, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং এনপিএসবি সেবা আরও সহজ করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর

চুক্তিবদ্ধ নগদ ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
২৪ আগষ্ট, ২০২৬ ১১:১৯  

গ্রাহকের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সাথে কৌশলগত অংশীদারত্ব করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে ২৩ আগস্ট, রবিবার এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন এবং নগদের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

এই চুক্তির আওতায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে নগদের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি অ্যাড মানি, রেমিট্যান্স, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশসহ (এনপিএসবি) বিভিন্ন ডিজিটাল আর্থিক লেনদেন সেবা আরও সহজ হবে। এর ফলে প্রতিষ্ঠান দুটির মধ্যে ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিবারের কাছে দ্রুত পৌঁছে যাবে।

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠানগুলো ন্যানো লোন, ইএমআই, ডিপিএসসহ বিভিন্ন সেবা দিলে দেশ ক্যাশলেস লেনদেনে এগিয়ে যাবে। অন্যদিকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন জানান, এই অংশীদারত্ব গ্রাহকদের আমানত ও ঋণের সুযোগ সৃষ্টির পাশাপাশি নিরাপদ লেনদেন ও রেমিট্যান্স প্রসারে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমানে দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে নগদের ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্টে সহজেই পেমেন্ট সুবিধা চালু রয়েছে বলে ২৪ আগস্ট ২০২৬, সোমবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
//ডিবিটেক/ পিআর/ এমআইএস//