বিকাশ ও নগদ ছাড়াই দেশে আন্তঃএমএফএস লেনদেন চালু
দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারগুলোর (পিএসপি) মধ্যে আন্তঃলেনদেন (ইন্টারঅপারেবল) ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। তবে দেশের সবচেয়ে বড় দুই এমএফএস প্রতিষ্ঠান নগদ ও বিকাশ এখনো এতে যুক্ত হতে পারেনি। নগদের লাইসেন্সের জটিলতা ও বিকাশ নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে তাদের অংশগ্রহণ স্থগিত করেছে। ‘বিকাশ’ তিন মাস সময় চেয়ে আপাতত যুক্ত হয়নি। ফলে আনুষ্ঠানিকভাবে ১ নভেম্বর চালুর দিনই বড় ধাক্কা খেলো কেন্দ্রীয় ব্যাংকের এই গুরুত্বপূর্ণ উদ্যোগ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ১৭টি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনা ছিল, তবে লাইসেন্স সংক্রান্ত জটিলতায় নগদ বাদ পড়ায় ১০টি প্রতিষ্ঠান নিয়ে সেবা শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে রকেট, ইসলামী ব্যাংকের এম ক্যাশ, দুটি পিএসপি এবং ৭টি ব্যাংক। আরও ৫টি প্রতিষ্ঠান সংযুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
সূত্রমতে, শুধু বিকাশ বা নগদই নয় আন্ত:লেনদেন প্রক্রিয়ার প্লাটফর্ম ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশে (এনপিএসবি) যুক্ত হতে ১৫ দিন সময় চেয়েছে ইউপে। রকেট বলছে তারা টেস্টিং শেষ করেছে। গ্রাহক পর্যায়ে চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংকের সবুজ সংকেতের প্রয়োজন। অন্যদিকে ব্যাংকগুলো থেকে এনপিএসবি চ্যানেলের মাধ্যমে এমএফএস ট্রান্সফার শুরু করেছে কিছু ব্যাংক। এদের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঘোষণা দিয়েছে, আপাতত তাদের ব্যাংক থেকে সরাসরি অথবা এনপিএসবি চ্যানেলের মাধ্যমে যেকোনো এমএফএস ট্রান্সফার ফ্রি তেই করা যাবে। আর পিএসপি প্রতিষ্ঠানগুলো থেকে এবিষয়ে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নগদের লাইসেন্সের জটিলতার কারণে আপাতত আন্তএমএফএস সেবায় যুক্ত করা হয়নি। গভর্নর দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তার ঘাটতির কারণ দেখিয়ে বিকাশও আপাতত আন্তলেনদেনে অংশ নিচ্ছে না। এ জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের কাছে তিন মাস সময় চেয়েছে।
এদিকে, এখন পর্যন্ত কতগুলো প্রতিষ্ঠান এই সেবায় যুক্ত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে বাংলাদেশ ব্যাংক পরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে।
প্রযুক্তিগত জটিলতার মধ্যেও এ উদ্যোগ কতটা যৌক্তিক—এমন প্রশ্নে মুখপাত্র বলেন, টেকনোলজি-নির্ভর লেনদেন থেকে পেছনে যাওয়ার সুযোগ নেই। বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে যাচ্ছে। তাই জ্ঞান ও সক্ষমতা বাড়ানো ছাড়া বিকল্প নেই।
বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পিআর শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘বিকাশ শুরু থেকেই আন্তলেনদেন সেবা চালুর উদ্যোগের সঙ্গে যুক্ত আছে। আমরা কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এই সেবা চালুর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে।’
শামসুদ্দিন হায়দার ডালিম আরও বলেন, তবে এই ব্যবস্থায় অন্যান্য অংশীজনের প্রস্তুতির ওপর কার্যকারিতা নির্ভর করছে। আমরা শক্তিশালী অথেনটিকেশন ও স্তরভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি, যাতে লেনদেন নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং কোনো বিরোধ দেখা দিলে তা দ্রুত সমাধান করা যায়। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর খুব শিগগিরই গ্রাহকেরা পূর্ণাঙ্গ সেবাটি ব্যবহার করতে পারবেন।
প্রসঙ্গত, এনপিএসবি-র মাধ্যমে এক ব্যাংকের কার্ড ব্যবহার করে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা বা অন্য কোনো লেনদেন করা যায়। এটি সাধারণত দ্রুত, এমনকি ৫ থেকে ১০ মিনিটের মধ্যে, এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে সাহায্য করে। বর্তমানে প্রায় ৫৯টি তফসিলি ব্যাংক এই নেটওয়ার্কের সাথে যুক্ত আছে।







