বিটুবি প্লাটফর্ম ও ডিস্ট্রিবিউশন প্রিয়শপ-এর অ্যাপ থেকেই এখন থেকে প্রয়োজনীয় জামানত বিহীন ঋণ পাবেন মুদি ব্যবসায়ীরা। এ লক্ষ্যেই ঋণদাতা প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি এর সাথে একটি সমঝোতা চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
২২ জুন প্রিয়শপ এর পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি সম্পাদিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন।
এ নিয়ে ব্র্যাক ব্যাংক এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব এসএমই ব্যাংকিং, সৈয়দ আব্দুল মোমেন, বলেছেন: "এই পার্টনারশিপের মাধ্যমে ইনোভেটিভ উপায়ে ফিন্যান্সিয়াল ইনক্লুশনকে আরও এগিয়ে নেয়ার জন্য আমরা প্ৰতিশ্রুতিবদ্ধ। প্রিয়শপের ইকোসিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে ঋণ প্রক্রিয়া যুক্ত করে, আমরা আর্থিক লেনদেনের জটিলতা হ্রাস করেছি এবং সারাদেশে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আনুষ্ঠানিক ঋণের দুয়ার উন্মুক্ত করেছি। এই মডেলটি গ্রামীণ উদ্যোগগুলোকে নতুনভাবে গড়ে তোলার সম্ভাবনা রাখে।"
প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন বলেছেন, “ক্ষুদ্র ব্যবসায়ের টিকে থাকার মূল চাবিকাঠি হলো সহজে লোন পাওয়া। অথচ বাংলাদেশের বেশিরভাগ মাইক্রো রিটেইলার এখনো সেই সুযোগ থেকে বঞ্চিত”। ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় আমরা এই ঋণ ব্যবস্থাকে সরাসরি আমাদের সাপ্লাই চেইনের মধ্যে এমন ভাবে যুক্ত করেছি যাতে খুচরা বিক্রেতারা আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর উপায়ে তাদের ক্ষুদ্র ব্যবসায়কে প্রসার করতে সক্ষম হন।”