প্রেক্ষাগৃহে মুক্তির চার বছর পর আইস্ক্রিনে দেখা যাচ্ছে ‘সাইকো’
আইস্ক্রিনে ‘সাইকো’
- অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমাটি এবার দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
- রোশান ও পূজা চেরী অভিনীত সিনেমাটি ২০২২ সালের কোরবানির ঈদে পেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
- থ্রিলার ও রাজনৈতিক রহস্যের গল্পনির্ভর এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম।
প্রেক্ষাগৃহে মুক্তির দীর্ঘ চার বছর পর ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিম হচ্ছে অনন্য মামুন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘সাইকো’। দেশীয় ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ সিনেমাটি নতুন করে মুক্তি দেওয়া হয়েছে। সম্প্রতি আইস্ক্রিনের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০২২ সালের কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল থ্রিলার গল্পের সিনেমা ‘সাইকো’। এতে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম পরিচিত জুটি পূজা চেরী ও জিয়াউল রোশানকে মুখ্য চরিত্রে দেখা গেছে। প্রেক্ষাগৃহের গণ্ডি পেরিয়ে ডিজিটাল বিনোদনপ্রেমীদের জন্য আইস্ক্রিন অ্যাপ ও ওয়েবসাইটে এটি দেখার সুযোগ উন্মুক্ত করা হলো।
সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান থেকে হঠাৎ একজন মন্ত্রীর মেয়ের রহস্যজনক অপহরণকে ঘিরে। শুরুতে একে কেবল রাজনৈতিক প্রতিশোধ বলে মনে করা হলেও গল্প এগোনোর সাথে সাথে উন্মোচিত হতে থাকে নতুন সব সমীকরণ। এই টানটান উত্তেজনার মধ্যেই আবির্ভাব ঘটে এক রহস্যময় ‘সাইকো’ যুবকের, যা কাহিনীর মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়।
পূজা চেরী ও জিয়াউল রোশান জুটি ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফারহান খান রিও, রোজী সিদ্দিকী ও সুব্রত। নতুনভাবে ওটিটিতে আসায় ডিজিটাল বিনোদন মাধ্যমে সিনেমাটি দর্শকদের নজর কাড়বে বলে আশা প্রকাশ করেছে ওটিটি কর্তৃপক্ষ।
//ডিবিটেক/টিটিআর/এমআইএস//





