১৯ দেশকে হারিয়ে জাপানে আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় শীর্ষস্থান পেল বাংলাদেশ
রোবোরেইভ ওসাকায় চ্যাম্পিয়ন টিম অ্যাটলাস
- জাপানের ওসাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা 'রোবোরেইভ'-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের 'টিম অ্যাটলাস'।
- তাদের উদ্ভাবিত 'হাইড্রাজ' এআই-চালিত স্মার্ট অ্যাকুয়াকালচার প্ল্যাটফর্মটি ১৯টি দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করে।
- এটি আইওটি, এআই ও কম্পিউটার ভিশন ব্যবহার করে মাছের খামার ও পানির মান পর্যবেক্ষণ করে।
জাপানের ওসাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা 'রোবোরেইভ ওসাকা'-এর ‘অন্ট্রাপ্রুনারশিপ চ্যালেঞ্জ’-এ বিশ্বের ১৯টি দেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের ‘টিম অ্যাটলাস’।
জাপানের ওসাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গত ১০ থেকে ১২ আগস্ট এই আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টিম অ্যাটলাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অর্জনের কথা নিশ্চিত করা হয়েছে।
প্রতিযোগিতায় টিম অ্যাটলাস ‘হাইড্রাজ’ (Hydraz) নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত আধুনিক ও উদ্ভাবনী স্মার্ট অ্যাকুয়াকালচার প্ল্যাটফর্ম উপস্থাপন করে। ইন্টারনেটস অব থিংস (আইওটি), আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) এবং কম্পিউটার ভিশন প্রযুক্তির চমৎকার সমন্বয়ে সিস্টেমটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সহজেই মাছের খামারের পানির মান, মাছের আচরণ পর্যবেক্ষণ এবং খাদ্য ব্যবস্থাপনা সুনিপুণভাবে নিয়ন্ত্রণ করা যায়। শুধু তা-ই নয়, সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে এটি খামারিদের প্রয়োজনীয় পরামর্শও প্রদান করে।
বিশ্বমঞ্চের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় আয়োজক জাপান ছাড়াও বাংলাদেশ, চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ম্যাকাও, মিশর, ফিলিপাইন, ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, তিউনিসিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, পোল্যান্ড, গ্রিস, কানাডা, যুক্তরাষ্ট্র ও স্লোভাকিয়াসহ মোট ১৯টি দেশ অংশগ্রহণ করে।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা টিম অ্যাটলাসের কৃতি সদস্যরা হলেন—সানি জুবায়োর, জান্নাতুল ফেরদৌস ফাহিম, আরাফাত আহমেদ খাঁন আরহাম, মো. শাহরিয়ার হাসান এবং অরণী সাহা। তাদের এই যুগান্তকারী এআই উদ্ভাবন আন্তর্জাতিক বিচারকদের প্রশংসা কুড়িয়েছে।
//ডিবিটেক/বিএনটু/আইএসএম//





