মধ্যবিত্ত পরিবারের বিশ্বকাপ উন্মাদনার গল্পে দর্শকের ব্যাপক সাড়া, নির্মাতার কৃতজ্ঞতা প্রকাশ

ইউটিউবে ৫০ লাখ দর্শক পেরোল ‘আমাদের বিশ্বকাপ’

  • ইউটিউবে নাটকটির দর্শকসংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে
  • মধ্যবিত্ত পরিবারের বিশ্বকাপ উন্মাদনা উঠে এসেছে গল্পে
  • নির্মাতা মহিদুল মহিম দর্শকদের ভালোবাসায় কৃতজ্ঞতা জানিয়েছেন

ইউটিউবে ৫০ লাখ দর্শক পেরোল ‘আমাদের বিশ্বকাপ’
১৬ জুলাই, ২০২৬ ০৮:৪৫  

ডিজিটাল ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত বিশেষ নাটক ‘আমাদের বিশ্বকাপ’। জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর অল্প কয়েকদিনের মধ্যেই নাটকটির দর্শকসংখ্যা ৫০ লাখ (৫ মিলিয়ন) ছাড়িয়েছে।

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের চিরচেনা উন্মাদনা, হাসি-ঠাট্টা, পারিবারিক খুনসুটি ও আবেগকে কেন্দ্র করে নির্মিত নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউবের মন্তব্যের ঘরেও গল্পের বাস্তবতা, অভিনয়শিল্পীদের স্বতঃস্ফূর্ত অভিনয় এবং পরিচিত পারিবারিক আবহের প্রশংসা করছেন দর্শকরা। অনেকের মতে, নাটকটি বাংলাদেশের অসংখ্য পরিবারের বিশ্বকাপ-ঘিরে পরিচিত আবেগ, প্রতিদ্বন্দ্বিতা ও আনন্দের বাস্তব প্রতিচ্ছবি।

নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। তিনি বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে একটি সাধারণ পরিবারের গল্প তুলে ধরেছেন, যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা শুধু মাঠেই নয়, পরিবারের ভেতরেও ছড়িয়ে পড়ে। গল্পে স্বামী-স্ত্রীর মজার তর্ক, পাড়া-মহল্লায় পতাকা টানানো, খেলা নিয়ে বাজি ধরা এবং বিশ্বকাপের সময়কার পরিচিত উন্মাদনাকে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেহরা বিনতে কামাল, নাদের চৌধুরী, মুনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, সরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল ও মুকিত জাকারিয়াসহ একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী। তাঁদের স্বতঃস্ফূর্ত অভিনয় নাটকটির প্রাণবন্ত উপস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নাটকটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘আমরা যখন প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করছিলাম, তখন একটাই লক্ষ্য ছিল গল্পটা যেন দর্শকদের একদম নিজের গল্প মনে হয়। আজ যখন দেখি ৫০ লাখেরও বেশি মানুষ নাটকটি দেখেছেন এবং এত ভালোবাসা দিচ্ছেন, তখন সব পরিশ্রম সার্থক মনে হয়। দর্শকদের এই ভালোবাসাই আমাদের সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা। পুরো টিমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

//ডিবিটেক/ টিটিআর/ এসএমআই//