প্রযুক্তি ও ক্রীড়ায় সমন্বয়ের তাগিদ

প্রযুক্তি ও ক্রীড়ায় সমন্বয়ের তাগিদ
২২ আগষ্ট, ২০২৬ ১২:২০  

প্রযুক্তি ও ক্রীড়ায় সমন্বয়ের তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।  ২২ আগস্ট, শনিবর জাতীয় প্রেসক্লাবের  জহুর হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো’র ৫৭ তম জন্মবার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। 

‘ক্রীড়া, ঐক্য ও তারুণ্য’ স্লোগানে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত তরুণদের উদ্দেশে মন্ত্রী বলেন, আসুন আমরা আমাদের তারুণ্যের শক্তকে কাজে লাগাই। প্রযুক্তি ও ক্রীড়ার দারুণ সমন্বয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি। 

‘আজকে প্রযুক্তির মাধ্যমে যেমন দেশের তরুণদের মেধার বিকাশ ঘটছে, ঠিক তেমনি শারীরিক ও মানসিক সুস্থতায় ক্রিড়ার বিকল্প নেই। আমরা এমন একটি আধুনিক সুস্থ ও ঐক্যবদ্ধ সমাজ গড়তে চাই; যারা আইসিটি ও বিজ্ঞানে যেমন নেতৃত্ব দেবে; তেমনি ক্রিকেট ও অন্যান্য খেলাতেও বিশ্ব চ্যাম্পিয়ন হবে’- যোগ করেন মন্ত্রী। 

সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রাশেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. তাহমিনা আক্তার টপি, মোহাম্মদ ফখরুল ইসলাম, মার্জিনা সুলতানা পনু এবং আয়েশা সিদ্দিকা মানি। 

প্রধান অতিথির বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম খালেদা জিয়ায় এই ছোট ছেলের জীবনের স্মৃতি চারণ করে ফকির মাহবুব আনাম বলেন, ‘আমার কেন যেন মনে হয় উনি সময় সময় একটু বিয়গান্তক সময়ের মধ্য দিয়ে গেছেন। জেনারেল মঈন সরকারের সময় তাকে উনাকে যেভাবে হ্যাস্ত-ন্যাস্ত করা হয়েছিলো; আমি মনে করি ওনার চলে যাওয়ার পেছনে ওই সময়ের আর্মিদের একটি রোল ছিল। সেটা উনি সহ্য করতে পারেননি।’ 

‘কোকো’ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট চালু ও প্রশিক্ষণ চালু করেছিলেন স্মরণ করিয়ে দিয়ে সংগঠকদের ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলা নিয়েও কাজ করার আহ্বান জানান মন্ত্রী। এজন্য নিজের পক্ষ থেকে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি। 
//ডিবিটেক/এসবিএল/এমআইএস//