প্রযুক্তির মাধ্যমে বিচারসেবা সহজ করতে খুলনায় ডিজিটাল বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের উদ্বোধন
পাইকগাছায় দেশের প্রথম ওডিআর সেন্টার উদ্বোধন
- খুলনার পাইকগাছা চৌকি আদালতে বাংলাদেশের প্রথম অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ওডিআর) সেন্টার চালু হয়েছে।
- বিচার বিভাগের সহযোগিতায় ও বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়।
- ৪০ লাখ মামলার জট কমাতে ও প্রান্তিক মানুষের সময়-খরচ বাঁচাতে ডিজিটাল মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের প্রথম অনলাইন ডিসপিউট রেজল্যুশন বা ওডিআর (ODR) সেন্টার খুলনার পাইকগাছা চৌকি আদালতে চালু করা হয়েছে। বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে এবং বিচার বিভাগের সহযোগিতায় এই ডিজিটাল বিরোধ নিষ্পত্তি কেন্দ্রটি স্থাপন করা হয়। ২১ আগস্ট, শুক্রবার স্থানীয় এই ওডিআর সেন্টার উদ্বোধন করেন খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মঞ্জুরুল হোসেন বলেন, "প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের ন্যায়বিচারে প্রবেশাধিকার আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে ওডিআর এই গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে এটি বিচারব্যবস্থার বিকল্প নয়; বিদ্যমান আইনগত সহায়তা ও মধ্যস্থতা ব্যবস্থাকে আরও কার্যকর করার একটি সহায়ক মাধ্যম।"
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী জানান, দেশের আদালতগুলোতে বর্তমানে প্রায় ৪০ লাখ মামলা বিচারাধীন। সীমাবদ্ধ বিচারক সংখ্যা দিয়ে প্রচলিত পদ্ধতিতে এই বিপুলসংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তি করা অসম্ভব। এ অবস্থায় মামলাজট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআরের (ADR) কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, "সুপ্রিম কোর্টের সর্বশেষ তথ্যমতে জেলা আদালতে বিচারকের সংখ্যা ১,৯৬৪ জন, যার মধ্যে প্রায় ২০০ জন ডেপুটেশনে রয়েছেন। আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে এক পক্ষ জয়ী এবং অন্য পক্ষ পরাজিত হয়। কিন্তু মধ্যস্থতার মাধ্যমে উভয় পক্ষ কিছুটা ছাড় দিয়ে সমঝোতায় পৌঁছাতে পারে, যা সামাজিক ও পারিবারিক সম্পর্ক অক্ষুণ্ন রাখে।" পাইকগাছা ও কয়রার মতো দুর্গম অঞ্চলের দূরত্বের কথা উল্লেখ করে তিনি এই উদ্যোগকে অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর ও ইনক্লুসিভ সিটিজেনশিপের প্রধান আয়েশা তাসিন খান বলেন, ভৌগোলিক দূরত্ব ও আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রান্তিক মানুষ যাতে আইনি সেবা থেকে বঞ্চিত না হন, সেজন্য প্রযুক্তির মাধ্যমে ন্যায়বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা আইনগত সহায়তা কর্মকর্তা রোমানা আফরোজ। ফ্রেন্ডশিপের ওডিআর সেন্টারের কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির সহকারী মহাব্যবস্থাপক (আইন) অ্যাডভোকেট আশিকুজ্জামান। এ সময় পাইকগাছা চৌকি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, সিভিল জজ হযরত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৫ আগস্ট গাজীপুরের রাজেন্দ্রপুরে আইনি সহায়তা কার্যক্রমের ডিজিটালাইজেশন বিষয়ক এক সমন্বয় সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আইনি সেবা আবেদন সহজ হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি সতর্কতার সাথে বিবেচনা করা প্রয়োজন।
//ডিবিটেক/পিবিও/এমআইএস//





