শ্রমিক কল্যাণে গ্রামীণফোনের ২৪.৬০ কোটি

• গ্রামীণফোন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিল ২৪.৬০ কোটি টাকা
• প্রতিষ্ঠানটি ২০২৫ সালের ডব্লিউপিপিএফ লভ্যাংশের ১০ শতাংশ প্রদান করেছে
• প্রযুক্তি দক্ষ জনবল ও ডিজিটাল অর্থনীতি গঠনে যৌথ উদ্যোগ

শ্রমিক কল্যাণে গ্রামীণফোনের ২৪.৬০ কোটি
১৮ আগষ্ট, ২০২৬ ১৪:১২  


শ্রমিকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিয়েছে গ্রামীণফোন। ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার (১৮ আগস্ট, ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই অর্থ প্রতিষ্ঠানটির ২০২৫ সালের শ্রমিক লভ্যাংশ অংশগ্রহণ তহবিলের (ডব্লিউপিপিএফ) ১০ শতাংশ।

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হাতে চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ গ্রামীণফোনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গ্রামীণফোন ২০২৪ অর্থবছর পর্যন্ত মোট ৩২৯ কোটি ৮৯ লাখ টাকা এবং ২০২৫ অর্থবছরে অতিরিক্ত ২৪ কোটি ৬০ লাখ টাকা এই তহবিলে প্রদান করেছে।

সৈয়দা তাহিয়া হোসেন জানান, নিরাপদ কর্মক্ষেত্র তৈরি এবং কর্মীদের ভবিষ্যৎ-উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল দক্ষতা অর্জন নিশ্চিতে গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ। সরকার ও এই যৌথ পথচলার মাধ্যমে তারা ডিজিটাল পরিবেশের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে চান। প্রতিষ্ঠানটি ‘গ্রামীণফোন একাডেমি’, ‘ফিউচারমেকার্স’ ও ‘প্ল্যাটফর্মশি’ উদ্যোগের মাধ্যমে তরুণ, নারী ও সুবিধাবঞ্চিতদের এআই ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে।
//ডিবিটেক/এমআরপি/এমএসআই//