ক্লড বনাম চ্যাটজিপিটি: কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াইয়ে এগিয়ে কে?

ক্লড বনাম চ্যাটজিপিটি: কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াইয়ে এগিয়ে কে?
১০ আগষ্ট, ২০২৬ ১৩:৩১  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাসিস্ট্যান্টের দুনিয়ায় ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এবং অ্যানথ্রোপিকের ক্লড- এই দুটি প্ল্যাটফর্মই এখন শীর্ষে রয়েছে। প্রথমদিকে চ্যাটজিপিটি এককভাবে বাজার দখল করলেও ক্লড আসার পর এই দুইয়ের প্রতিযোগিতা বেশ জমজমাট হয়ে ওঠে। দৈনন্দিন নানা কাজ, যেমন ফাইল গুছানো, কোডিং কিংবা কোনো দীর্ঘ নথির সারসংক্ষেপ তৈরির ক্ষেত্রে দুটি সেবাই অত্যন্ত কার্যকর। তবে কাজের ধরণ ও সূক্ষ্ম দক্ষতার দিক থেকে এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে।

নিখুঁত তথ্য ও ভুলের মাত্রা
কোনো এআই মডেল কতটা নির্ভুল তথ্য দিচ্ছে, তা পরিমাপ করা বেশ জটিল। তবে প্রধান বা ফ্ল্যাগশিপ মডেলগুলোর ক্ষেত্রে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, জটিল তথ্যের নির্ভুলতায় ক্লডের ‘ফ্যাবল ফাইভ’ মডেলটি চ্যাটজিপিটির ‘জিপিটি ৫.৬ সল’ মডেলের চেয়ে সামান্য এগিয়ে রয়েছে। আবার সাধারণ বা মাঝারি মানের কাজের ক্ষেত্রে চ্যাটজিপিটির টেরা মডেলটি ক্লডের সনেট ফাইভ মডেলের চেয়ে তুলনামূলক ভালো পারফর্ম করে। 

তবে বানানো বা ভুল তথ্য প্রকাশ করার প্রবণতার ক্ষেত্রে ক্লড স্পষ্টভাবেই এগিয়ে। এআই প্রযুক্তি জগতে একে বলা হয় ‘হ্যালুসিনেশন’। বিভিন্ন আন্তর্জাতিক সূচকের তথ্য অনুযায়ী, ক্লডের মডেলগুলোতে ভুল তথ্য বানিয়ে বলার হার চ্যাটজিপিটির তুলনায় অনেক কম। কোনো তথ্য জানা না থাকলে ভুল উত্তর বানানোর বদলে ক্লড সরাসরি অপারগতা প্রকাশ করে, যা গুরুত্বপূর্ণ ও পেশাদার কাজের ক্ষেত্রে বেশ নির্ভরযোগ্য।

কাজের ধরণ ও সুবিধার ভিন্নতা
ব্যবহারকারীদের ধরণ বিশ্লেষণে দেখা গেছে, ক্লড প্রধানত দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। অন্যদিকে চ্যাটজিপিটির অধিকাংশ ব্যবহার হয় ব্যক্তিগত কাজের ক্ষেত্রে। ফিচার বা সুবিধার দিক থেকে চ্যাটজিপিটির ভয়েস মোড বা সরাসরি কথা বলার সুবিধাটি অত্যন্ত প্রাকৃতিক ও জীবন্ত। এ ছাড়া চ্যাটজিপিটি দিয়ে সরাসরি কাঙ্ক্ষিত ছবি তৈরি করা সম্ভব, যা ক্লডে সম্ভব নয়। অন্যদিকে ফাইল বিন্যাস করা, কোডিং সরাসরি প্রদর্শন করা এবং কাজের জন্য নিজস্ব নিয়ম তৈরি করার ক্ষেত্রে ক্লডের 'আর্টিফ্যাক্টস' ও 'কোওয়ার্ক' সুবিধাগুলো বেশ জনপ্রিয়।

নিরাপত্তা বিতর্ক ও সাবস্ক্রিপশন
সম্প্রতি অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সরকারি চুক্তি সংক্রান্ত কিছু প্রশাসনিক সিদ্ধান্তের কারণে নৈতিকতার জায়গা থেকে অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটি ছেড়ে ক্লডের দিকে ঝুঁকছেন। খরচের দিক থেকে দুটি সেবার নিয়ম প্রায় কাছাকাছি। সাধারণ ব্যবহারের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকলেও উচ্চমানের মডেল ব্যবহারের জন্য মাসে নির্দিষ্ট ফি দিয়ে গ্রাহক হতে হয়। তবে চ্যাটজিপিটির বিনামূল্যের সংস্করণে বিজ্ঞাপন প্রদর্শনের ব্যবস্থা থাকলেও ক্লড এখনও পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা বজায় রেখেছে।

ডিবিটেক/বিএমটি