কম্পিউটারে ম্যালওয়্যার শনাক্ত ও দূর করার সহজ উপায়

কম্পিউটারে ম্যালওয়্যার শনাক্ত ও দূর করার সহজ উপায়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩২  

আধুনিক সাইবার আক্রমণের ধরন দিন দিন আরও সূক্ষ্ম ও গোপন হয়ে উঠছে। পিসিতে ঢুকে ফাইল লক করা বা দৃশ্যমান পপ-আপ দেখানোর চেয়ে ক্ষতিকর ম্যালওয়্যার এখন গোপনে ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থেকে স্পর্শকাতর তথ্য চুরি করতেই বেশি পছন্দ করে। কম্পিউটারের গতি হঠাৎ কমে যাওয়া, বার বার হ্যাং হওয়া বা অচেনা প্রসেস চালু থাকার মতো লক্ষণ দেখলে পিসির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। 

এ ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হতে পারে উইন্ডোজের বিল্ট-ইন নিরাপত্তা সুবিধা ‘মাইক্রোসফট ডিফেন্ডার’। অ্যাপটির সাধারণ কুইক স্ক্যান বা ফুল স্ক্যানের পাশাপাশি পিসি রিস্টার্ট দিয়ে ‘অফলাইন স্ক্যান’ চালালে উইন্ডোজ রিকভারি এনভায়রনমেন্টের মাধ্যমে পিসিতে ছদ্মবেশে থাকা জটিল ম্যালওয়্যারগুলোও সহজে শনাক্ত ও ধ্বংস করা যায়।

স্ক্যানার ও অন্যান্য টুল
ডিফেন্ডারের পাশাপাশি অতিরিক্ত সুরক্ষার জন্য ‘মালওয়্যারবাইটস’-এর মতো কোনো অন-ডিমান্ড স্ক্যানার দিয়ে দ্বিতীয়বার পিসি পরীক্ষা করা বুদ্ধিমানের কাজ। এটি পিসির ব্যাকগ্রাউন্ডে সবসময় না থেকেও প্রয়োজন অনুসারে স্ক্যান চালিয়ে ডিফেন্ডার এড়িয়ে যাওয়া ম্যালওয়্যার ধরে ফেলতে পারে। 

এ ছাড়া ক্ষতিকর অ্যাডওয়্যার সরানোর জন্য ‘অ্যাডডব্লিউক্লিনার’ এবং সন্দেহজনক ফাইল বা ওয়েব লিংকের জন্য ‘ভাইরাসটোটাল’ বেশ কার্যকর। জটিল সংক্রমণের ক্ষেত্রে পিসি ‘সেফ মোড’-এ নিয়ে স্ক্যান চালানো কিংবা উইন্ডোজের বিল্ট-ইন ‘ম্যালিশিয়াস সফটওয়্যার রিমুভাল টুল’ (Win + R চেপে mrt লিখে চালু করা যায়) ব্যবহার করেও ম্যালওয়্যার দূর করা সম্ভব।

পেইড অ্যান্টিভাইরাস ও প্রতিরোধমূলক ব্যবস্থা
সাধারণ ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয় উইন্ডোজ ডিফেন্ডার এবং প্রয়োজনভিত্তিক ফ্রি স্ক্যানারই যথেষ্ট; ফলে অতিরিক্ত অর্থ খরচ করে তৃতীয় পক্ষের বা থার্ড-পার্টি অ্যান্টিভাইরাস কেনার তেমন প্রয়োজন পড়ে না। এসব থার্ড-পার্টি সফটওয়্যার প্রায়শই আপগ্রেড করার জন্য নোটিফিকেশনের বিরক্তি তৈরি করে। 

তবে মনে রাখা প্রয়োজন, কেবল সিকিউরিটি সফটওয়্যার দিয়ে শতভাগ সাইবার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। দুর্বল পাসওয়ার্ডের কারণে অ্যাকাউন্ট হ্যাক হওয়া, অনলাইন প্রতারণা বা ফিশিং লিংকে ক্লিকের মতো ভুলগুলো থেকে কোনো স্ক্যানারই ব্যবহারকারীকে বাঁচাতে পারে না। তাই কেবল ম্যালওয়্যার স্ক্যান করার ওপর নির্ভর না করে সন্দেহজনক ইমেইল ও অখ্যাত ওয়েবসাইট এড়িয়ে চলাই পিসি সুরক্ষার সেরা উপায়।

 ডিবিটেক/বিএমটি