বিজ্ঞাপন ও ট্র্যাকার ঠেকাবে মোজিলার নতুন প্রযুক্তি

বিজ্ঞাপন ও ট্র্যাকার ঠেকাবে মোজিলার নতুন প্রযুক্তি
১৭ আগষ্ট, ২০২৬ ১৭:৩২  
১৭ আগষ্ট, ২০২৬ ১২:৩২  

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের ব্রাউজিং অভিজ্ঞতা আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে আইওএস সংস্করণের ফায়ারফক্স ব্রাউজারে বিল্ট-ইন অ্যাড ব্লকার যুক্ত করছে মোজিলা। নেটওয়ার্ক পর্যায়ে কাজ করা এই বিশেষ ফিচারের মাধ্যমে ওয়েবসাইটের অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন, ট্র্যাকার, পপ-আপ এবং অতিরিক্ত ব্যানার আটকে দেওয়া সম্ভব হবে। 

‘ইজিলিস্ট’ নামের একটি আন্তর্জাতিক ফিল্টার তালিকার ওপর ভিত্তি করে প্রযুক্তিটি তৈরি করা হয়েছে, যা কোনো ওয়েব পেজ পুরোপুরি লোড হওয়ার আগেই বিজ্ঞাপন শনাক্ত করে লোডিং বন্ধ করে দেয়। 

মোজিলা জানিয়েছে, ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ধীরে ধীরে সব আইওএস ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হচ্ছে। 

সীমিত থাকবে যেসব ক্ষেত্রে
নতুন এই অ্যাড ব্লকারটি বেশ কার্যকরী হলেও সব ধরনের বিজ্ঞাপন কিন্তু এটি বন্ধ করতে পারবে না। প্রযুক্তি প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে যে, বিভিন্ন সার্চ ইঞ্জিনের ফলাফলে প্রদর্শিত বিজ্ঞাপনগুলোকে এই ফিল্টারের আওতামুক্ত রাখা হয়েছে। এর ফলে গুগল, বিং কিংবা ডাকডাকগোর মতো সার্চ ইঞ্জিনে অনুসন্ধানের পর যেসব বিজ্ঞাপন ভেসে ওঠে, সেগুলো আগের মতোই দৃশ্যমান থাকবে। 

এছাড়া ফায়ারফক্সের নিজস্ব হোম পেজ বা নতুন ট্যাবে দেখানো স্পনসর করা সামগ্রীও এই ব্লকারের মাধ্যমে আড়াল হবে না। পাশাপাশি ওয়েবসাইটের ভিন্নধর্মী কারিগরি কাঠামোর কারণে কিছু বিজ্ঞাপন প্রদর্শন এড়ানো সম্ভব নাও হতে পারে। 

সহজেই চালু করার উপায়
ডিফল্ট বা প্রাথমিক সেটিংসে এই ফিচারটি আপাতত বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ, সেবাটি পেতে হলে ব্যবহারকারীকে নিজের পছন্দের ভিত্তিতে এটি সক্রিয় করতে হবে। 

আইওএস ডিভাইসে ফায়ারফক্স অ্যাপ খুলে প্রধান মেনুর ভেতরে ‘সেটিংস’ অপশনে গিয়ে ‘ব্রাউজিং’ বিভাগের আওতায় থাকা ‘অ্যাড ব্লকার’ নির্বাচন করে এটি সহজেই অন করা যাবে। 

এছাড়া যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করার সময় স্ক্রিনের ‘সাইট মেনু’ থেকেও দ্রুত এই ব্লকিং সুবিধাটি চালু কিংবা বন্ধ করার ব্যবস্থা রাখা হয়েছে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: গ্যাজেটস৩৬০