কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিজি৩৭২ ফ্লাইট কারিগরি ত্রুটিতে বাতিল; যাত্রীদের ফেরানো হয়েছে টার্মিনালে
ফ্লাইটে কারিগরি ত্রুটি, কাঠমান্ডুতে শতাধিক যাত্রী
- উড্ডয়নের আগে কারিগরি ত্রুটিতে কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট ফিরে যায়
- শতাধিক যাত্রী প্রায় দুই ঘণ্টা টার্মিনালে অপেক্ষায় থাকেন
- যাত্রীদের আনতে বড় উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিমান
নেপালের কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৭২ ফ্লাইটে উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়েছে। যাত্রীদের নিয়ে টার্মিনাল এলাকা ছাড়ার পর রানওয়ের দিকে যাওয়ার সময় ত্রুটি ধরা পড়লে উড়োজাহাজটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।
১৬ আগস্ট, রবিবার বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির বোর্ডিংয়ের নির্ধারিত সময় ছিল বিকেল ৩টা।
উড়োজাহাজটি টার্মিনালে ফিরে আসার পর যাত্রীদের নামিয়ে সেখানে অপেক্ষায় রাখা হয়। এতে ফ্লাইটটির শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন। যাত্রীদের অভিযোগ, শুরুতে ত্রুটি মেরামতে কত সময় লাগবে, বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে কি না কিংবা লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাওয়া যাবে কি না—এসব বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।
ফ্লাইটটির যাত্রী এস এম নুরুজ্জামান বলেন, নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে যায়। রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পর কারিগরি ত্রুটির কথা জানানো হলে উড়োজাহাজটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়। পরে যাত্রীদের নামিয়ে সেখানে বসিয়ে রাখা হয়।
তিনি জানান, প্রায় দুই ঘণ্টা ধরে যাত্রীরা টার্মিনালে অপেক্ষা করছিলেন। বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডু কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, উড়োজাহাজে কারিগরি ত্রুটি থাকায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। তবে ত্রুটি মেরামতে ঠিক কত সময় লাগবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অন্য যাত্রীদেরও বিমানের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
বাবুল আক্তার আরও জানান, কাঠমান্ডু থেকে দিনে ঢাকার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালিত হয়। প্রথম ফ্লাইটটিতে প্রায় ১২৭ জন যাত্রী ছিলেন। তাঁদের ঢাকায় পৌঁছে দিতে পরবর্তী ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, যাত্রীদের দ্রুত ঢাকায় পৌঁছে দিতে বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুতে আনার প্রস্তুতি চলছে। ওই উড়োজাহাজে প্রথম ফ্লাইটের সব যাত্রীকে একসঙ্গে ঢাকায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।





