যাত্রীদের ভোগান্তি বাড়ছে

রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকার ফ্লাইট বাতিল

  • রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট বাতিল হয়েছে
  • বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইট স্থগিত রয়েছে
  • ইউএস-বাংলার একটি ফ্লাইট নির্ধারিত সময়ের প্রায় ১২ ঘণ্টা পর ঢাকায় পৌঁছেছে

রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকার ফ্লাইট বাতিল
১১ অক্টোবর, ২০২৬ ১১:৫৩  

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদি আরবগামী একাধিক ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। ১১ অক্টোবর রবিবার সকাল পর্যন্ত ঢাকা থেকে পাঁচটি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলার ঘটনার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেবিচকের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ফ্লাইটগুলো বাতিল করা হয়। এতে সৌদি আরবের বিভিন্ন এয়ারলাইনসের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটও প্রভাবিত হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৮০৪, এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪ নম্বর ফ্লাইটের উল্লেখ রয়েছে। এ ছাড়া ঢাকা থেকে রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৯ ফ্লাইটও স্থগিত করা হয়েছে।

এর আগে শনিবার রাতে জরুরি বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রা স্থগিত থাকবে। এসব ফ্লাইটে বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি সম্পর্কে পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৮১ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে। ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল শনিবার বেলা ৩টা ১০ মিনিট। তবে বেবিচকের তথ্য অনুযায়ী, এটি শনিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে।

//ডিবিটেক/জেএনএন/এসএমপি/এমআইএসটি//