অ্যান্ড্রয়েড ১৭-এ যুক্ত হচ্ছে কাস্টমাইজেশনের একগুচ্ছ নতুন সুবিধা
গুগল তাদের উপযোগী পিক্সেল স্মার্টফোনগুলোর জন্য অ্যান্ড্রয়েড ১৭-এর ‘কিউপিআর২ বেটা ৩’ সংস্করণটি উন্মুক্ত করেছে। সিস্টেমে বিদ্যমান বিভিন্ন ছোটখাটো ত্রুটি বা বাগ সংশোধনের পাশাপাশি এই নতুন সফটওয়্যারে বেশ কিছু আকর্ষণীয় ফিচারের উন্মোচন ঘটানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে নোটিফিকেশন প্যানেলের ‘কুইক সেটিংস’ মেনুতে।
অ্যান্ড্রয়েড ১৭-এর নতুন এই সংস্করণে গুগল একটি সমন্বিত লেআউট এডিটর যুক্ত করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা কুইক সেটিংসের প্রায় সব ধরনের অপশন নিজেদের পছন্দমতো সাজিয়ে নিতে পারবেন।
নতুন লেআউট এডিটর ব্যবহার করে কোন ফিচারটি বড় আকৃতির টাইলস হিসেবে থাকবে, তা যেমন নির্বাচন করা যাবে, তেমনি স্ক্রিনের উজ্জ্বলতা কমানো-বাড়ানোর 'ব্রাইটনেস স্লাইডার' এবং গান কিংবা ভিডিও চালনার 'মিডিয়া প্লেয়ার'-এর অবস্থানও ইচ্ছামতো টেনে উপরে বা নিচে সরানো সম্ভব হবে। এর ফলে পিক্সেল ব্যবহারকারীরা এতদিন যেভাবে নির্ধারিত লেআউট ব্যবহার করতে বাধ্য হচ্ছিলেন, সেই সীমাবদ্ধতা থেকে মুক্তি মিলবে।
পছন্দমতো থিম ও ভিজ্যুয়াল পরিবর্তন
অ্যান্ড্রয়েডের পরবর্তী মূল সংস্করণে থিম নির্বাচনের ক্ষেত্রেও গ্রাহকদের আরও বৈচিত্র্যময় নিয়ন্ত্রণ দেওয়ার পরিকল্পনা করেছে টেক জায়ান্টটি। নতুন ইন্টারফেসে একটি বিশেষ স্লাইডারের সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের ডিভাইসের প্রধান চারটি রঙের শেড বা হিউ নিজেদের পছন্দ অনুযায়ী বদলে নিতে পারবেন।
শুধু তাই নয়, পুরো ব্যবস্থার সৌন্দর্য বাড়াতে স্ক্রিনের ভিজ্যুয়াল উপাদানে নতুন করে আবছায়াভাব বা ‘ব্লার ইফেক্ট’ যুক্ত করার কাজও করা হচ্ছে।
সোশাল ইঞ্জিনিয়ারিং রোধে নিরাপত্তা জোরদার
মোবাইল ফোনে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেও এই হালনাগাদে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সোশাল ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন কৌশলে ভয় ও প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করা প্রতিরোধে নতুন ‘কল প্রোটেকশন’ সুবিধা যুক্ত হয়েছে।
নতুন এই ফিচারের আওতায় কোনো ব্যবহারকারী কল ফরওয়ার্ডিং সঙ্কেত ডায়াল করার চেষ্টা করলে স্ক্রিনে একটি নতুন নিশ্চিতকরণ বার্তা বা 'কনফার্মেশন ডায়ালগ' ফুটে উঠবে। এর ফলে ব্যবহারকারীর অজান্তে বা বিভ্রান্তির সুযোগ নিয়ে কল অন্য নম্বরে রিডাইরেক্ট করার প্রতারণামূলক ফাঁদ থেকে রক্ষা পাওয়া অনেক সহজ হবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: জিএসএম এরিনা





